দোকানে আটকে রেখে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগের দরজির দোকানে দুই দিন ধরে আটকে রেখে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে পুলিশ উপজেলার ছিলোনিয়া বাজারের দোকান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা করেছেন ছাত্রীর মা।
পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে করা মামলায় দরজি মো. রাজু, তাঁর সহযোগী শাহাদাত হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার নোয়াখালী জেনারেল হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা হয়েছে।
ওই ছাত্রীর পরিবার জানায়, গত রোববার বিকেলে স্কুল ছুটির পর ছিলোনিয়া বাজারের দরজি দোকান স্টার টেইলার্সে জামা সেলাই করতে যায়। এ সময় দোকানের মালিক টেইলার মো. রাজু তাকে আটকে রেখে ধর্ষণ করেন। রাতে তাকে দোকানের ভেতরে আটকে রাখা হয়। পরে সোমবার রাতে সেনবাগ থানা-পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রোববার বিকেলে ওই ছাত্রীকে আটকে রাখার পর থেকে দোকান বন্ধ ছিল।
সেনবাগ থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজুসহ আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।