দোকানে কাজ না করায় কিশোরকে পিটিয়ে হত্যা!
গাজীপুরের টঙ্গীর হিমারদিঘী এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার ঘটনাটি ঘটে।
নিহত কিশোরের নাম মোজাম্মেল হোসেন (১৪)। সে নরসিংদীর শিবপুর উপজেলার উত্তর তারারচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। মা-বাবার সঙ্গে টঙ্গীর নোয়াগাঁও তিস্তার গেট এলাকার হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকত মোজাম্মেল।
কিশোরের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, টঙ্গীর কলেজ গেট এলাকার কলমীলতা হোটেলের মালিক সুমনের ভাঙারি দোকানে কাজ করত মোজাম্মেল। সম্প্রতি সে ওই কাজ বাদ দিয়ে অন্য দোকানে কাজ নেয়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন তাঁর লোকজন নিয়ে সোমবার সকালে কৌশলে মোজাম্মেলকে তার দোকানে ডেকে নেন। পরে তাকে সেখানে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে মোজাম্মেল। পরে তার গলায় রশি পেঁচিয়ে লাশ আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার চালানো হয়। খবর পেয়ে টঙ্গী থানা-পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
ময়নাতদন্ত শেষে মোজাম্মেলের লাশ গতকাল মঙ্গলবার টঙ্গীতে নেওয়া হলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে স্থানীয় সাংসদ জাহিদ হাসানের বাড়ির সামনে অবস্থান নেয়। সাংসদ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী ফিরে যায়।
মোজাম্মেলের বাবা জামাল হোসেন বলেন, তাঁর ছেলে তিন দিন সুমনের দোকানে যায়নি। এতে ক্ষুব্ধ হয়ে সুমন লোকজন নিয়ে তাঁর ছেলেকে হত্যা করেছেন।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, ব্যবসায়ী সুমন টঙ্গী থানা মহিলা লীগ নেত্রী নাছরিন আক্তারের স্বামী। রহস্যজনক কারণে সারা রাত মামলা না নিয়ে মোজাম্মেলের পরিবারের সঙ্গে আপস-রফার চেষ্টা করা হয়।
ব্যবসায়ী সুমন ও তাঁর স্ত্রীর মুঠোফোন বন্ধ পাওয়ায় এ ব্যাপারে তাঁদের সঙ্গে কথা বলা যায়নি।
টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, লাশটি সুমনের ভাঙারি দোকানের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা। তবে নিহত ব্যক্তির পরিবার যেভাবে অভিযোগ দেবে, সেভাবেই অভিযোগ নেওয়া হবে।