কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের (জংশন) দুটি প্ল্যাটফর্মে স্থানীয় ব্যবসায়ীরা প্রায় ৬০টি দোকান বসিয়েছেন। এর মধ্যে ২৭টিই অবৈধ। উপরন্তু এখানে ব্যবসা করছেন অর্ধশত হকার। এতে যাত্রীদের ট্রেনের জন্য অপেক্ষা করতে এবং ট্রেনে ওঠানামা করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সমস্যা সমাধানে রেলওয়ে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।
ভুক্তভোগী ভৈরব হাজি আসমত আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শান্ত আনোয়ার গত বৃহস্পতিবার বলে, ‘দুই পাশেই দোকান। হাঁটা যায় না। কিছুক্ষণ আগে ২ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাওয়ার সময় ফলের ডালায় পা লাগায় এক হকার আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছে। পরে কোনো রকম সম্মান বাঁচিয়ে স্থান ত্যাগ করতে হয়েছে।’
ভৈরব রেলস্টেশন সূত্র জানায়, দুটি প্ল্যাটফর্মে রেলওয়ে কর্তৃপক্ষ ২৭টি দোকান বরাদ্দ দিয়েছে। প্রতি বর্গফুট ১২০ টাকা হারে বার্ষিক মূল্য পরিশোধের শর্তে বরাদ্দ দেওয়া হয়। সেই হিসাবে প্ল্যাটফর্মে থাকা দোকানগুলোর মাসিক ভাড়া ২৫৬ টাকা থেকে সর্বোচ্চ ৭৬৮ টাকা। রেলওয়েতে কর্মরত কিছু কর্মকর্তা-কর্মচারী ও রেলওয়ে হকার্স শ্রমিক লীগের নেতা-কর্মীদের অনেকে আছেন ওই তালিকায়। অনুমোদনহীন দোকান আছে ২৫ থেকে ৩০টি। প্রতিদিন ভাসমান হকার বিচরণ করেন অর্ধশত। প্ল্যাটফর্মে রীতিমতো বাজার সৃষ্টি করে আর্থিক সুবিধা নিচ্ছেন রেলওয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী, হকার্স লীগের কয়েকজন নেতা-কর্মী ও রেলওয়ে পুলিশের কয়েকজন সদস্য। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান দোকানিদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে ভৈরব রেলস্টেশনের মাস্টার অমৃত লাল সরকার বলেন, প্ল্যাটফর্মে দোকান বসানোর কারণে যাত্রীদের দুর্ভোগ হওয়ার বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
দোকানিরা বলেন, বৈধ দোকানিদের চাঁদা দিতে হয় না। অনুমোদনহীন দোকান থেকে প্রতিদিন দোকানপ্রতি ৩০ থেকে ৫০ টাকা আদায় করা হচ্ছে। হকার্স শ্রমিক লীগের সদস্য সেলিম মিয়া ও তাঁর ভাই সুরুজ মিয়া টাকা আদায়ের দায়িত্বে আছেন।
টাকা আদায়ের অভিযোগের বিষয়ে রেলওয়ে হকার্স শ্রমিক লীগ ভৈরব শাখার সভাপতি মতি মিয়া বলেন, মূলত ভৈরব হকার্স সমবায় সমিতির নামে কিছু টাকা ওঠানো হয়। আবার ওই টাকা শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়। অভিযুক্ত সেলিম মিয়াও একই মন্তব্য করেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, শুধু ২ নম্বর প্ল্যাটফর্মে ২৯টি স্থায়ী দোকান। ফলের ডালা আছে ১৮টি। ১ নম্বর প্ল্যাটফর্মে একটি স্থায়ী দোকান আর ভাসমান চারটি। এর মধ্যে তিনটি রেস্তোরাঁ ও একটি মিষ্টির দোকান রয়েছে।
ফল ব্যবসায়ী নজরুল মিয়া প্রায় ৪০ বছর ধরে একই স্থানে অবৈধভাবে ফলের ব্যবসা করে যাচ্ছেন। এ ব্যাপারে তাঁর স্পষ্ট কথা হলো, সরকারের ঘর থেকে অনুমতি না নিলেও রেলওয়ে হকার্স লীগের নেতাদের প্রতিদিন টাকা দিয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। একই মন্তব্য করেন আরও কয়েকজন দোকানি।
প্ল্যাটফর্মে এত দোকান বরাদ্দ দেওয়ার বিষয়টি যুক্তিযুক্ত হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ রেলওয়ে ঢাকা জোনের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা সরদার শাহদাৎ আলী বলেন, ‘না, ঠিক হয়নি। এগুলো আমার আমলে করা হয়নি। এই বিষয়ে কী করা যায়, তা নিয়ে ভাবার জন্য একটি কমিটি করা হয়েছে।’