দোকানের ভেতরে যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর একটি আসবাবের দোকানের ভেতর থেকে গতকাল বুধবার সকালে পুলিশ আজিজ হাওলাদার (৩০) নামের এক যুবকের কোপানো লাশ উদ্ধার করেছে। তিনি শিকদার ফার্নিচার নামের ওই আসবাবের দোকানের কর্মচারী ছিলেন।
যাত্রাবাড়ী থানার পুলিশ বলেছে, গতকাল সকালে আসবাবের দোকানটির মালিক তালা খুলে দোকানের ভেতরে ঢুকে আজিজের কোপানো লাশ দেখতে পান। এ সময় তিনি ঘটনাটি যাত্রাবাড়ী থানায় জানান। পরে পুলিশ এসে আজিজের রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তার মাথায় ও পেটে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। আজিজ ওই দোকানে রাতে একা ঘুমাতেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে পরিদর্শক (তদন্ত) কাজী শাহেদুজ্জামান প্রথম আলোকে বলেন, এটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। ধারণা করা হচ্ছে, খুনিরা আজিজের পূর্বপরিচিত। তারা রাতে আজিজের সঙ্গে ভেতরে ঢোকে এবং তাকে কুপিয়ে হত্যা করে বাইরে শাটারে তালা মেরে পালিয়ে গেছে। আজিজের বাড়ি মাদারীপুরের শিবচরের বাগিয়ায়। বাবার নাম আবদুর রব।