দোকানের সামনে বসা নিয়ে বাগ্বিতণ্ডা, শিক্ষার্থী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকানের সামনে বসাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জের ধরে আজ শনিবার রাজধানীর ধানমন্ডি এলাকার বেসরকারি আইডিয়াল কলেজের নাইমুর রশীদ ওরফে নাবিল (১৮) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরিবার কলাবাগান থানা পুলিশের কাছে নিয়ে যায়।

কলাবাগান থানার পুলিশ জানায়, আহত নাইমুর ওই কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। গতকাল শুক্রবার বিকেলে কলেজের সামনের একটি দোকানের সামনে বসা নিয়ে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে নাইমুরের বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে আজ শনিবার বেলা একটার দিকে দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থীসহ কয়েকজন ব্যক্তি কলেজের সামনে যান। সেখানে নাইমুরকে পেয়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওই গুলি নাইমুরের বাম পায়ের হাঁটুর নিচে লাগে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল প্রথম আলোকে বলেন, প্রাথমিক চিকিৎসাশেষে পরিবার গুলিবিদ্ধ শিক্ষার্থীকে থানায় নিয়ে এসেছে। ঘটনার ব্যাপারে তথ্য নেওয়ার পর এ ঘটনায় মামলা করা হবে।