দোকান থেকে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ঘৌড়দৌড় বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে আজ মঙ্গলবার সকালে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যবসায়ীর নাম সঞ্জয় সরকার (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়দৌড় বাজারে সঞ্জয়ের মুদি দোকান আছে। গতকাল সোমবার রাতে দোকান থেকে সঞ্জয় আর বাড়িতে ফেরেনি। আজ সকালে তাঁর স্বজনেরা বাজারে গিয়ে দোকান তালাবদ্ধ দেখতে পান। পরে তাঁরা তালা ভেঙে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় সঞ্জয়ের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সঞ্জয়ের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।