দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় সাংবাদিকের গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারক ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনের মাধ্যমে এ দাবি জানানো হয়। একই দাবিতে বিবৃতি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা সাধারণ মানুষের স্বাধীনতার শামিল। গণমাধ্যমের ওপর আক্রমণ মানে স্বাধীনতার ওপর আক্রমণ। আমরা সরকারের কাছে এই স্বাধীনতা রক্ষার দাবি জানাই। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।’ তিনি বলেন, সাংবাদিকেরা কোনো ঘটনার প্রতিবেদন দেবে, এটাই গণমাধ্যমের কর্তব্য। ভুল হলে সংশোধনী ছাপা হবে, না হলে আদালত আছে। কিন্তু তাদের ওপর কেরোসিন ঢেলে দেওয়া অমানবিক। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলারও নিন্দা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভাগের চেয়ারপারসন মফিজুর রহমান, সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি তৌহিদুল হাসান, বর্তমান সভাপতি ফরহাদ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

গত রোববার পুরান ঢাকার এক পলিথিন কারখানার ওপর অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন যমুনা টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসান ও ক্যামেরাপারসন শাহিন আলম। একপর্যায়ে দুর্বৃত্তরা শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করে।

হামলায় উদ্বেগ প্রকাশ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সংবাদ সংগ্রহরত অবস্থায় সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সাংবাদিকতা পেশার প্রতি বড় ধরনের হুমকি। এ ঘটনায় জড়িত ঘৃণ্য সন্ত্রাসীদের গ্রেপ্তারে সময়ক্ষেপণ সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহিত করবে।

এদিকে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে পৃথক আরেকটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন ও সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদ বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে সাংবাদিকেরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।