ঢাকার দোহার উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের একাধিক প্রার্থী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন।
২২ মার্চ উপজেলার নয়াবাড়ী, কুসুমহাটি, নারিশা, মুকসুদপুর, বিলাসপুর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। নয়াবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান কামাল। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও যুবলীগের কেন্দ্রীয় সদস্য শামীম আহমেদ। এখানে বিএনপির কোনো প্রার্থী নেই।
কুসুমহাটিতে আওয়ামী লীগের প্রার্থী আমজাদ হোসেন। এখানে তারিকুল ইসলাম চিশতি আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী। বিএনপির মাহবুবুর রহমান ও স্বতন্ত্র হিসেবে বর্তমান চেয়ারম্যান আবদুল ওয়াহাব দোহারী নির্বাচন করছেন।
নারিশায় আওয়ামী লীগের প্রার্থী আওলাদ হোসেন। তাঁর বিরুদ্ধে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আবুল কালাম। এ ছাড়া ঢাকা জেলা যুবলীগের সহসভাপতি সালাহউদ্দিনও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপির প্রার্থী লুৎফর রহমান।
মুকসুদপুরে আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম এ হান্নান। ইউনিয়নে বিএনপির প্রার্থী দোহার উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল হালিম গত বুধবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বিলাশপুরে হুকুম আলী চোকদার আওয়ামী লীগের প্রার্থী। বিএনপির সামাদ বেপারি এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লাও নির্বাচনে লড়ছেন।
২০১৪ সালের জাতীয় নির্বাচনের পরের দিন হুকুম আলী চোকদার ও তাঁর সহযোগীরা হাজারবিঘা গ্রামে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এলাকার কয়েকজন বলেন, চাঞ্চল্যকর এ হত্যা মামলার আসামি হুকুম আলী চোকদারকে আওয়ামী লীগের প্রার্থী করায় তৃণমূলের অনেক কর্মী হতাশ ও ক্ষুব্ধ।
বিলাশপুরের ইলিয়াস আলী ব্যাপারী বলেন, এলাকার সাধারণ মানুষের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়েও সংশয় রয়েছে।
বিলাশপুরের স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন মোল্লা বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর লোকজন আমার কর্মীদের প্রচারণায় বাধা দিচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাচন কার্যালয়ে জানিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিমউদ্দিন বলেন, প্রার্থীদের ব্যানার-পোস্টার ছেঁড়ার বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভূঁইয়া বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।