দোহারে বিএনপির ২৭ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় থেকে গতকাল সোমবার বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৭ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করার খবরে তাঁদের আটক করা হয়।
স্থানীয় লোকজন ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দোহার উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা বিএনপির ঢাকা জেলা সহসভাপতি সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার ছোট ভাই দোহার উপজেলা চেয়ারম্যান কামরুল হুদার কার্যালয়ে জড়ো হন। এ খবরে দোহার থানার ওসি মাহমুদুল হকের নেতৃত্বে পুলিশ ওই কার্যালয়ে অভিযান চালায়। এ সময় উপজেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি হিটু মোল্লাসহ ২৭ নেতা-কর্মীকে আটক করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান কামরুল সেখানে উপস্থিত ছিলেন। তবে কিছুক্ষণ পর তিনি কার্যালয় ছেড়ে চলে যান।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে উপজেলা পরিষদ কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, ‘পুলিশ কিছু না বলে স্যারের সামনে থেকে ২৭ নেতা-কর্মীকে ধরে নিয়ে যায়।’
থানার উপপরিদর্শক আবদুল কাদের বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা হবে। এর বেশি কিছু জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোনালিসা বেগম বলেন, রাস্তা আটকে নাশকতার উদ্দেশ্যে তাঁরা জড়ো হচ্ছিলেন। এ খবরের ভিত্তিতেই তাঁদের আটক করা হয়।