দৌলতখানে চরের জমি চাষ নিয়ে হামলায় আহত ৩০
ভোলার দৌলতখান উপজেলায় চরের জমি চাষ করা নিয়ে হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে। গত সোমবার রাতে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত পাঁচজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চরমুন্সি গ্রামের বাসিন্দা শাজাহান মাঝি ও চরপদ্মা গ্রামের সফি মাল চরে ট্রাক্টর দিয়ে কৃষকের জমি চাষ করেন। কে বেশি জমি চাষ করবেন, তা নিয়ে দুজনের মধ্যে প্রতিযোগিতা চলে। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বাগ্বিতণ্ডা হয়। সোমবার রাত নয়টার দিকে সফি মালসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে চেয়ারম্যান বাজারে আসে। তারা শাজাহান মাঝি ও তাঁর লোকজনের ওপর হামলা চালায়। তাদের মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৩০ জন আহত হয়। গুরুতর আহত শাজাহান মাঝি, তাঁর ছেলে জসিম উদ্দিন, জাহের মাঝি, জহির মাঝি ও জামাই মো. কামালকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়।
শাজাহান মাঝি গতকাল মঙ্গলবার বলেন, ‘সফি মাল ও তাঁর লোকজন কুপিয়ে আমাদের জখম করেছে। তাদের বাধা দিতে গিয়ে গ্রামের অনেকে আহত হয়েছে। চিকিৎসা শেষে মামলা করব।’
অভিযোগ অস্বীকার করে সফি মাল বলেন, ‘গরু চুরির ঘটনায় শাজাহান ও তাঁর লোকজনকে মারধর করেছে গ্রামবাসী। এর সঙ্গে আমি জড়িত নই।’
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন গতকাল বিকেলে বলেন, শাজাহান মাঝি মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।