আমন আবাদের সময় না আসতেই ভোলার দৌলতখান উপজেলার চর নেয়ামতপুরের ৪ হাজার ৮০০ একর জমির দখল নিয়ে বন্দোবস্ত কার্ডধারী ও প্রকৃত মালিকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে।
অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসন আইন উপেক্ষা করেআজ (মঙ্গলবার) চরে গিয়ে কার্ডধারীদের জমি বুঝিয়ে দেবে। ইতিপূর্বে একবার চরে মাইকযোগে প্রচার চালিয়ে চরের প্রকৃত বাসিন্দাদের উঠে যেতে বলেছে এবং আমন আবাদে বাধা দিয়েছে।
প্রকৃত মালিকপক্ষের চর নেয়ামতপুর কৃষক সমিতির সভাপতি ফেরদৌস আহাম্মেদ বলেন, দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের চর নেয়ামতপুরে ১২ হাজার একর জমি আছে। ১৯৭১ সালের পর থেকে দুই দফা ভাঙনে চরটি বিলীন হয়। পরে আবার জেগে ওঠে চরটি। ১৯৯৭ সালে নিঃস্ব কৃষকেরা ওই চরে চাষাবাদ শুরু করেন। কিন্তু তৎকালীন সরকার ওই চরের জমিকে খাস বলে ঘোষণা করে। এরপর ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত স্থানীয় প্রভাবশালী জোতদারদের মধ্যে ৩ হাজার ২০০টি ভূমিহীন কার্ডে ৪ হাজার ৮০০ একর জমি বন্দোবস্ত দেওয়া হয়।
নদীশিকস্তি-পয়স্তি আইন অনুযায়ী, ২৫ বছরের মধ্যে নদীতে ভেঙে যাওয়া জমি জেগে উঠলে, সেই জমি প্রকৃত মালিক ফেরত পাবেন। তাই প্রকৃত মালিকপক্ষের দাবিদারেরা উচ্চ আদালতে ২০০৬ সালে রিট আবেদন করেন। আদালত চর নেয়ামতপুর ইউনিয়নের চর নেয়ামতপুর ও মানিকপুর মৌজার জমি বন্দোবস্ত না দেওয়ার আদেশ দেন। সেই সঙ্গে প্রকৃত মালিকদেরই ভোগ দখল করতে নির্দেশ দেওয়া হয়। এর আগে মালিকেরা ১৯৮৬ সাল পর্যন্ত সব খাজনা পরিশোধ করেন। সর্বশেষ চলতি বছরের ১৭ এপ্রিল মালিকপক্ষ রায় পায়। এরপর কার্ডধারীরা আপিল করেন। আদালত আবার ওই চরের ওপর স্থগিতাদেশ দেন।
চর নেয়ামতপুর কৃষক সমিতির সাধারণ সম্পাদক বশীর আহমেদ অভিযোগ করেন, কার্ডধারীদের পক্ষে দৌলতখান উপজেলা আওয়ামী লীগ কাজ করছে। তারা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে উচ্চ আদালতের স্থগিতাদেশ ও রায় উপেক্ষা করে ওই জমি দখল করতে চাইছে। এ জন্য মালিকপক্ষের পরিবারকে চর থেকে উৎখাত করার পাঁয়তারা করছে। চাষিদের আমন আবাদে বাধা দিচ্ছে।
তিনি আরও বলেন, জমির প্রকৃত মালিকেরা এই অন্যায়ের প্রতিবাদে এর আগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
চরের কৃষক মহিউদ্দিন আহমেদসহ সাত-আটজন চাষি বলেন, তাঁরা তাঁদের বাপ-দাদার ভিটামাটি আবার জেগে উঠলে চরে চাষাবাদ শুরু করেন। একটি মহল ওই জমি দখলের জন্য প্রশাসনের সঙ্গে হাত মিলিয়েছে। তারা চর থেকে বাসিন্দাদের চলে যাওয়ার জন্য ও তাদের দখল বুঝিয়ে দেওয়ার জন্য আসছেন।
চাষিরা আরও বলেন, এখন আমন আবাদের সময়। এ সময় এলেই কার্ডধারীরা প্রতিবছর জমি দখল নিতে চরে ট্রাক্টর নামান। এবার তাঁদের আবাদের সময় বাধা দেওয়া হচ্ছে। ঘরবাড়ি ও জমি ছেড়ে চলে না গেলে ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
বন্দোবস্তপ্রাপ্ত পাওয়া কার্ডধারীদের পক্ষ দৌলতখান উপজেলা চর নেয়ামতপুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির সহসভাপতি আবদুল কাইয়ুম মৃধা অভিযোগ করেন, সরকার ২০০১ সাল থেকে তাঁদের দেড় একর করে জমি বন্দোবস্ত দেয়। বর্তমানে ওই চরের খাসজমি পৈতৃক দাবি করে ফেরদৌস-বশীর পক্ষ ভোগদখল করছে। জমিতে তাঁদের উঠতে দিচ্ছে না। তাঁদের উৎখাত করার জন্য প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিয়েছে ওই পক্ষ।
চর নেয়ামতপুরের বন্দোবস্তপ্রাপ্ত কার্ডধারীদের পক্ষের আরেক নেতা দৌলতখান পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘ওই চরের প্রকৃত জমির মালিক আছে ১০-১২ হাজার পরিবার। এখানে সরকার থেকে যাঁরা কার্ডে জমি পেয়েছেন, তাঁরা অধিকাংশই জমির প্রকৃত মালিক। ১০০-১১০ জন মানুষ প্রকৃত ভূমিহীন। কিন্তু ফেরদৌস হাজি, ইনসাফ জিলাদার ও বশীর আহমেদ গং প্রকৃত মালিকদের জমি না দিয়ে নিজেরাই পুরো জমি ভোগদখল করছেন। চরে ব্যাপক চাঁদাবাজি করছেন। আমরা এ সমস্যার সমাধান চাই।’
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, তাঁরা কাউকে জমি বুঝিয়ে দিতে চরে যাচ্ছেন না। চরে আমন আবাদ নিয়ে জমির প্রকৃত মালিকপক্ষ ও কার্ডধারীদের মধ্যে যেকোনো সময় বড় ধরনের সহিংসতা ঘটতে পারে। ইতিমধ্যে এক পক্ষ অপর পক্ষকে হুমকি-ধমকি দিচ্ছে। আসন্ন সহিংসতা বন্ধে ও সমস্যা নিরসনে চরে যাবেন।
একই ধরনের কথা বলেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা কামাল।