দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে কুলিরূপী পকেটমার
দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে পকেটমার ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঈদ শেষে কর্মস্থলে ফেরা কয়েকজন যাত্রীর পকেটের টাকা খোয়া যায়। এ সময় কুলিরূপী দুই পকেটমারকে আটক করে নৌ-পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ঢল্লাপাড়া গ্রামের কালাম মোল্লা (২৫) ও একই ইউনিয়নের বদন মৃধাপাড়ার আবদুল মান্নান ভূঁইয়া (২৬)।
গাজীপুরের একটি টেক্সটাইল কারখানায় কর্মরত ফরিদ আহম্মেদ (৩৫) বলেন, ঈদ শেষে কর্মস্থলে যোগ দিতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি গাজীপুরের মাওনা যাচ্ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি বাসে করে দৌলতদিয়া টার্মিনালে নামেন।
এ সময় পাঁচ-ছয়জন কুলি তাঁদের ঘিরে ধরে মালপত্র ঘাটে পৌঁছে দেওয়ার কথা বলে সেগুলো নিয়ে টানাটানি শুরু করে। পরে ভিড়ের মধ্যে প্যান্টের পকেট থেকে কেউ মানিব্যাগ টান দিয়েছে বুঝতে পেরে তিনি পকেটে হাত দিয়ে দেখেন মানিব্যাগ নেই। সেখানে তাঁর কোম্পানির পরিচয়পত্র, প্রায় এক হাজার টাকাসহ মূল্যবান কাগজপত্র ছিল।
তাৎক্ষণিকভাবে বিষয়টি ঘাটে কর্তব্যরত নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপারকে জানালে তাঁরা কালাম মোল্লা ও মান্নান ভূঁইয়া নামের দুই কুলিকে আটক করেন।