দৌলতদিয়া ফেরিঘাটে দুই ছিনতাইকারী আটক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আসা একটি ফেরি থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গত রোববার তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার কুটির হাট গ্রামের আবদুর রশিদ শেখ (৩২) ও ফরিদপুর কোতোয়ালি থানার হামলা মুন্সীর ডাঙ্গী গ্রামের সাগর ব্যাপারী (৫০)।
দৌলতদিয়া নৌ-ফাঁড়ি পুলিশের এসআই শামসুল হক বলেন, রোববার রাতে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে ফেরি শাহ আলী। ফেরিটি রাত সোয়া ১১টার দিকে দৌলতদিয়ার ২ নম্বর ঘাটে এসে ভিড়ে। এ সময় নৌ-পুলিশের কাছে খবর আসে, কয়েকজন ছিনতাইকারী ফেরিতে ওঠার চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ফেরি থেকে রশিদ ও সাগরকে আটক করা হয়। পরে রাতেই তাদের গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করা হয়। গোয়ালন্দ ঘাট থানার ওসি এ কে এম নাসির উল্যাহ বলেন, আটক ব্যক্তিদের গতকাল সোমবার দুপুরে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।