দৌলতদিয়া যৌনপল্লি থেকে দুই নারী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ও বুধবার ভোরে অভিযান চালিয়ে দুই নারীকে উদ্ধার করেছে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই যৌনপল্লির সুফিয়ার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এক নারীকে গ্রেপ্তার করে। ওই নারীর বাড়ি খুলনার তেরখাদা উপজেলায়। তিনি সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত ১১ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ওই নারীর মা জানান, ১১ আগস্ট তেরখাদার পানতিতা গ্রামের নাজমুল হাসান ও সাভার নবীনগরের সুজন শেখ নামের দুই ব্যক্তি একটি পোশাক কারখানায় ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যান।
এদিকে ১২ দিন আগে নিখোঁজ হওয়া দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এক কিশোরীকে (১৪) বুধবার ভোরে ওই যৌনপল্লি থেকে উদ্ধার করা হয়। পার্বতীপুর থানার এসআই মোস্তফা কামাল জানান, নিখোঁজ হওয়ার ১০ দিন পর ওই কিশোরীর মামা বাদী হয়ে থানায় অপহরণ মামলা করেন। এক পর্যায়ে দৌলতদিয়া যৌনপল্লিতে ওই কিশোরীর অবস্থানের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।