দৌলতদিয়া যৌনপল্লির সেই মানব পাচারকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ দৌলতদিয়া যৌনপল্লি থেকে মানব পাচার মামলার অন্যতম আসামি নারগিছ বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে।
গত সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার নারগিছকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ জানায়, ৯ জুন বাড়িওয়ালি নারগিছের বাড়ি থেকে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা গোপালগঞ্জ ও শরীয়তপুরের দুই কিশোরীকে (১৭) উদ্ধার করেন। তাদের আটকে রেখে জোর করে দেহ ব্যবসা করানো হচ্ছিল।
সে সময় পুলিশ নারগিছ বেগমকে বাড়িতে পেয়েও আটক না করে চলে আসে। পরদিন ওই দুই কিশোরী অভিযোগ জানালে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এ বিষয়ে খোঁজখবর নেন। ঘটনার সত্যতা প্রমাণিত হলে তিনি তাৎক্ষণিকভাবে এসআই নাজমুল হুদাকে জেলার পাংশা উপজেলায় বদলির নির্দেশ দেন।
পরে গত সোমবার সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানার এসআই রফিক উদ্দিন গোপন তথ্যের ভিত্তিতে নারগিছকে দৌলতদিয়া রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ জানান, থানায় তাঁর বিরুদ্ধে মানব পাচারের মামলা দায়েরের পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।