দৌলতদিয়া যৌনপল্লি থেকে দুজনকে উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে গতকাল শনিবার এক কিশোরীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার জেলা ডিবি পুলিশের সদস্যরা আরেক তরুণীকে (১৮) উদ্ধার করেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানার পুলিশ জানায়, নরসিংদীর ওই কিশোরী প্রায় তিন মাস আগে বাড়ি থেকে ঢাকার এক বান্ধবীর বাসায় বেড়াতে যায়। সেখানে মোল্যা নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। মোল্যা তাকে দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করে দেন। বিক্রির পর থেকে তার ওপর নির্যাতন চালানো হয়। প্রায় এক মাস আগে নরসিংদীতে কর্মরত একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা দৌলতদিয়ায় এলে ওই কিশোরী তাঁর মাধ্যমে পরিবারকে খবর দেয়। পরে কিশোরীর মামাকে নিয়ে পুলিশ গতকাল অভিযান চালিয়ে তাকে উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করে।
এর আগে শুক্রবার বিকেলে রাজবাড়ীর ডিবি পুলিশ ওই এলাকা থেকে আরেকজনকে উদ্ধার করে। ওই তরুণী ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর পরিচিত মাসুদ নামের এক যুবক প্রায় চার মাস আগে তাঁকে এখানে রেখে যান। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, এ ঘটনায় থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করা হবে। এরপর গ্রেপ্তার দুজনকে রোববার আদালতে পাঠানো হবে।