দৌলতদিয়ায় আটটি লঞ্চকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত আটটি লঞ্চকে গত দুই দিনে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথক দুটি আদালত বিভিন্ন অনিয়মের কারণে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিম ও গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস গতকাল বিকেলে দৌলতদিয়া লঞ্চঘাটে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়াসহ নানা অনিয়মের কারণে তিনটি লঞ্চের মাস্টার আবুল হোসেন, নাজমুল ইসলাম ও মকবুল হোসেনকে এক হাজার টাকা করে এবং মাস্টার সুজন মিয়াকে ৫০০ টাকা জরিমানা করেন। রাজবাড়ীর বিচারিক হাকিম মো. রবিউল হাসানও গতকাল দৌলতদিয়া ঘাটে পৃথক অভিযান চালিয়ে ফিটনেসবিহীন একাধিক লঞ্চ শনাক্ত করেন এবং একটি লঞ্চের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন।