দৌলতদিয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সাইফুল ইসলাম ওরফে রিপন মণ্ডল নামের ওই ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সাইফুল দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও বাজার ব্যবসায়ী পরিষদের সাবেক সভাপতি মোহন মণ্ডলের ছেলে।
নিহত ছাত্রের পরিবার ও এলাকার লোকজন জানান, ঢাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বনানী শাখার আইন বিভাগ শেষ বর্ষের ছাত্র ছিলেন সাইফুল। গত শনিবার সন্ধ্যার দিকে তিনি ঢাকা থেকে দৌলতদিয়ায় যান। বাড়ি না গিয়ে প্রথমে তিনি স্থানীয় সোহরাব মোল্লার পাড়ায় যান। আবদুল কাদের শেখের ছেলে ফরিদ শেখ (২২) তাঁকে সেখান থেকে ডেকে নিয়ে দৌলতদিয়া যৌনপল্লিতে যান। দিবাগত রাত তিনটার দিকে যৌনপল্লির এক বাড়ির সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা খুব কাছ থেকে বুকের দুই পাশে ও মাথার বাঁ পাশে গুলি করলে ঘটনাস্থলেই সাইফুল মারা যান। সঙ্গে থাকা ফরিদের মুখে গুলি লাগলে তিনি দৌড়ে প্রাণে রক্ষা পান। এ সময় মানুষের চিৎকার ও ছোটাছুটিতে পল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত হন। গতকাল রোববার ভোর চারটার দিকে পুলিশ সাইফুলের লাশ উদ্ধার করে।
যৌনপল্লিতে মোট পাহারাদার ৫৬ জন। এর মধ্যে শনিবার রাতে পল্লির পাঁচটি প্রবেশপথে ছিলেন ২৮ জন। যে গলিতে ঘটনাটি ঘটে, সেখানে দুপাশে পাঁচজন পাহারাদার ছিলেন। খুনের ঘটনায় দৌলতদিয়া বাজারের ক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার মোল্লা বলেন, সাইফুলের বুকে দুপাশে দুটি ও বাঁ কানের ওপর মাথায় একটি গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে নাইনএমএম পিস্তলের চারটি গুলির খোসা পাওয়া গেছে।