দৌলতদিয়ায় বেপরোয়া ছিনতাইকারী চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। গত রোববার রাতে পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস থামিয়ে লোকজনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় ১২ জনকে আটক করলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
থানার পুলিশ ও স্থানীয় কয়েকটি সূত্রে জানা গেছে, শীত মৌসুমে রাতে ঘন কুয়াশা থাকায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের জট থাকে। আটকে পড়া যানবাহনের যাত্রী, চালক বা সহকারীরা জরুরি প্রয়োজনে গাড়ি থেকে নামলে ছিনতাইকারীদের কবলে পড়ছেন যাত্রীরা। কেউ বাধা দিলে হামলার শিকার হচ্ছেন। দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ থেকে ক্যানালঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় এমন ঘটনা বেশি ঘটছে। পুলিশের পাহারা থাকলেও ছিনতাই এড়ানো যাচ্ছে না।
গত রোববার রাত ১০টার দিকে দৌলতদিয়া ক্যানালঘাট মডেল হাইস্কুলের সামনে পাঁচ-ছয়জন ছিনতাইকারী গাড়ির সামনে টর্চলাইট ধরে একটি মাইক্রোবাস থামানোর সংকেত দেয়। চালক পুলিশ বা ঘাটের লোক মনে করে গাড়ি থামান। গাড়ির দরজা খুলতে দেরি হওয়ায় তারা ধারালো অস্ত্র দিয়ে মাইক্রোবাসের পেছনের কাচ ভেঙে ফেলে ও জিনিসপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে বরিশালের গৌরনদী উপজেলার নান্টু দাস ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাউদপুর গ্রামের শামীম আহম্মেদকে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ওই দিন রাতেই পুলিশ জড়িত সন্দেহে ১২ জনকে আটক করে। গতকাল সোমবার সকালে এ ঘটনার সঙ্গে তারা জড়িত নয় জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের লোকজন মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন।
৮ ডিসেম্বর ভোর চারটার দিকে ক্যানালঘাট এলাকায় প্রাইভেট কার থামিয়ে অস্ত্রের মুখে চালক সাইদুল মিয়ার আট হাজার টাকা, যাত্রীদের তিনটি মুঠোফোন ও গাড়ির চাবি ছিনিয়ে নেয় দুর্বৃত্তেরা।
সাইদুল জানান, কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে ক্যানালঘাটে পৌঁছালে চার-পাঁচজন পুলিশের মতো টর্চলাইট জ্বালিয়ে গাড়ি থামানোর সংকেত দেয়। গাড়ি থামানোর পরই তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নজরুল ব্যাপারী, এলেম খাঁ ও শাহিনকে গ্রেপ্তার করেছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ এসব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দৌলতদিয়া ঘাট এলাকার চিহ্নিত কয়েক যুবক সড়কে ডাকাতি, ছিনতাই, ফেরিতে জুয়া খেলাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এদের ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার রাতের ঘটনায় ১২ জনকে আটক করলেও পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।