দৌলতপুরে আ.লীগ কর্মীর শটগানের গুলিতে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীর ছোড়া শটগানের গুলিতে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আবদুস সালাম নামের ওই আওয়ামী লীগ কর্মীকে পুলিশ আটক করে থানায় নিয়েছে। তাঁর লাইসেন্স করা শটগানটিও জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামালপুর বাজার থেকে বেলতলা এলাকায় একটি সড়ক নির্মাণ করা হচ্ছে। বেলতলা এলাকায় আবদুল করিমের বাড়ির কারণে সড়কটি নির্মাণে সমস্যা দেখা দিয়েছে। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে কামালপুর বাজারে করিমের বাগ্বিতণ্ডা হয়। আবদুল করিমের আত্মীয় হলেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী আবদুস সালাম। খবর পেয়ে আবদুস সালাম শটগান নিয়ে বিকেলে বাজারে আসেন। সেখানে লোকজনের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সালাম উত্তেজিত হয়ে শটগানের গুলি ছোড়েন। এলোপাতাড়ি গুলিবর্ষণে লোকজনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ব্যক্তিরা হলেন হামিদুল ইসলাম (৪৫), সাদ্দাম হোসেন (৩২), মরজেম আলী (৫৫), ঝন্টু (২৫), মতিয়ার রহমান (৪৮), দুলাল হোসেন (৫০), ফরিদুল ইসলাম (৩৮), সুজন আলী (২৮), খবির উদ্দীন (৪৬), রাসেল আহমেদ (২২), শহিদুল ইসলাম (৪০), লিটন হোসেন (২২), হাসান জোয়ারদার (৪০), রবিউল ইসলাম (৪৫), রিয়াজ মোল্লা (৩২), ছাবদেল আলী (৫০), মন্টু মিয়া (৪৮), হাসান আলী (৫০) মুন্তাজসহ (৩৮) প্রমুখ। তাঁদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু ইউসুফ বলেন, আবদুস সালাম আওয়ামী লীগের রাজনীতি করেন। তিনি দলের কর্মী। গুলির বিষয়টি তিনি লোকের কাছে শুনেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর প্রথম আলোকে বলেন, আবদুস সালামের শটগানের ছোড়া গুলিতে সাত-আটজন গুলিবিদ্ধ হয়েছেন। শটগানসহ তাঁকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।