দৌলতপুরে কৃষক ও মধুখালীতে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পাট বিক্রি নিয়ে কথা-কাটাকাটির জের ধরে মারধরে আহত এক কৃষক গতকাল বুধবার মারা গেছেন। ফরিদপুরের মধুখালীতে এক গৃহবধূকে গত মঙ্গলবার কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দৌলতপুরে নিহত কৃষকের নাম লালন হোসেন (২৫)। তিনি পচামাদিয়া গ্রামের তাছেন আলীর ছেলে। মধুখালীতে হত্যার শিকার গৃহবধূ হলেন মালতী রানী বিশ্বাস (৫৫)। তিনি উলুর হাট গ্রামের শ্যামল কুমার বিশ্বাসের স্ত্রী। শ্যামল কুমার স্থানীয় একটি ইটভাটার ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন।
দৌলতপুর থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, লালন হোসেন মঙ্গলবার বিকেলে হাকিমপুর বাজারে হামিদুল ইসলামের আড়তে পাট বিক্রি করতে যান। এ সময় পাটের ওজন নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আড়তের কয়েকজন শ্রমিক তাঁকে বেধড়ক মারধর করেন। এতে তিনি আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রাতেই তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকাল আটটার দিকে তিনি মারা যান।
দৌলতপুর থানার ওসি মোল্লা মো. খবির আহমেদ বলেন, এ ঘটনায় তাছেন আলী পাঁচজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেছেন। ইতিমধ্যে আড়তদারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে মধুখালী থানা-পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে মালতী রানী বিশ্বাস ঘরে একা ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে চলে যায়। বাড়ির লোকজন বাইরে থেকে এসে লাশ দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করেছেন।