দৌলতপুরে চার বস্তা সরকারি চাল জব্দ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক ব্যক্তির বাড়ি থেকে মৎস্যজীবীদের জন্য সরকারি বরাদ্দের চার বস্তা চাল জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাচামারা গ্রামের আবদুল আজিজের বাড়ি থেকে মৎস্যজীবীদের জন্য সরকারি বরাদ্দের চার বস্তা চাল জব্দ করেন এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে ওই চাল জব্দ করে। প্রতিটি বস্তায় ৫০ কেজি চাল রয়েছে।
বাচামারা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত এই আট মাস নদীতে জাটকা শিকার নিষিদ্ধ। এ সময় মৎস্যজীবীরা বেকার থাকেন। এ কারণে ইউনিয়নের ১৮২ জন মৎস্যজীবীর জন্য সরকারের পক্ষ থেকে ৫৫৮ বস্তা চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, মঙ্গলবার উপজেলা খাদ্যগুদাম থেকে নৌকাযোগে চালের বস্তাগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়।
তাঁর দাবি, নৌকার ভাড়া হিসেবে ওই চার বস্তা চাল বিক্রি করা হয়েছে।