দৌলতপুরে চারটি বাড়িতে ডাকাতি, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চারটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের বাধা দিতে গিয়ে অন্তত ছয়জন আহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত, ঠোটারপাড়া ও মুন্সিগঞ্জ ভাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে ১৫-১৬ জনের সশস্ত্র একটি দল ভাগজোত গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবুর বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ প্রায় পাঁচ লাখ টাকার মালমাল লুট করে। জাহাঙ্গীর আলম ও তাঁর স্ত্রীকে মারপিট করে ডাকাত দল পালিয়ে যায়।
পরে ডাকাত দল একই এলাকার নফিকুল ইসলাম, ঠোটাপাড়া গ্রামের আকবর আলী ও মুন্সিগঞ্জ ভাঙ্গাপাড়া গ্রামের ফটিকের বাড়িতে হানা দেয়। সেখান থেকে তারা দুটি গরু, স্বর্ণালংকার, টাকা ও মুঠোফোনসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে নফিকুল ও তাঁর স্ত্রী এবং আকবর আলী ও ফটিক আহত হন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাতটায় জানান, ডাকাতির ঘটনায় একজন লিখিত অভিযোগ করেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জামালপুর গ্রামের মো. লিটন (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।