দৌলতপুরে তরুণকে কুপিয়ে জখম
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উত্তর আরা গ্রামে পূর্বশত্রুতার জের ধরে জাকির হোসেন নামের এক তরুণকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তাঁকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জাকির হোসেন (৩০) ওই গ্রামের হমেশ শেখের ছেলে। ঢাকার সাভারের পোশাক তৈরির একটি কারখানায় তিনি কাজ করেন। পরিবার সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে উত্তর আরা গ্রামের জমি নিয়ে জাকিরের খালু আবদুল করিমের সঙ্গে আয়নাল শেখের বিরোধ চলছে। গত ২৮ মে আয়নাল ওই জমির ধান কাটতে গেলে করিমের লোকজন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আয়নালের লোকজন হামলা চালালে জাকিরের মা সুফিয়া বেগমসহ কয়েকজন আহত হন। এ ঘটনার পরদিন মানিকগঞ্জ বিচারিক হাকিমের আদালতে মামলা করেন করিম।
জাকির হোসেন বলেন, ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে পাশের গ্রামের জিয়নপুর নতুন হাট এলাকায় তাঁকে অপরিচিত দুই যুবক পাশে ডেকে নিয়ে যান। এরপর সেখানে স্থানীয় কয়েকজন তাঁর ওপর হামলা করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ দেওয়া হয়।