কোটি টাকাসহ জামায়াতের পাঁচজন নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসা থেকে এক কোটি সাড়ে ৪৭ হাজার টাকাসহ পাঁচ ব্যক্তিকে আটক করেছে রামপুরা থানার পুলিশ। পুলিশ বলছে, ওই পাঁচজন জামায়াতের নেতা-কর্মী। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন: গিয়াস উদ্দীন (৫৫), আমিনুর রহমান (৫৬), আবুল হাসেম (৩২), ওসমান গণি(৪০) ও শাহাদাতুর রহমান (৪৫)।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশের কাছে তথ্য ছিল মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত একজনের রায় ঘোষণাকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি নাশকতার পরিকল্পনা করছেন। পরে গোপন খবরের ভিত্তিতে রামপুরার একটি পাঁচতলা বাড়ির দোতলায় অভিযান চালিয়ে নগদ এক কোটি ৪৭ হাজার পাঁচ শ টাকাসহ পাঁচজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে নাশকতার সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনাও করেছিলেন তাঁরা।
ডিসি আনোয়ার হোসেন জানান, আটক গিয়াস উদ্দীন জামায়াতের রুকন। অন্যদের দলীয় পদ যাচাইয়ের কাজ চলছে। তবে এঁরা সবাই জামায়াতের সঙ্গে জড়িত। তিনি আরও জানান, দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে এসব অর্থ সংগ্রহ করা হয়। ওই বাসার আলমারি ভেতরে এসব টাকা রাখা ছিল। পরে এসব অর্থ নাশকতার কাজের জন্য বিভিন্ন পর্যায়ে বিতরণ করার কথা ছিল। তবে জব্দ হওয়া টাকার নোটগুলো জাল কিনা তা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যাচাই করা হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।