দেড় কোটি টাকায় খননযন্ত্রের আঁচড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীর তলদেশ খনন নয়, ভরাট করে সমান করতে ব্যস্ত দুই শ্রমিক। চুয়াডাঙ্গা সদর উপজেলার বালিয়াকান্দি গ্রাম থেকে ২১ এপ্রিল ছবিটি তোলা l প্রথম আলো
নদীর তলদেশ খনন নয়, ভরাট করে সমান করতে ব্যস্ত দুই শ্রমিক। চুয়াডাঙ্গা সদর উপজেলার বালিয়াকান্দি গ্রাম থেকে ২১ এপ্রিল ছবিটি তোলা l প্রথম আলো

চুয়াডাঙ্গায় ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে বহুপ্রতীক্ষিত নবগঙ্গা নদীর খননকাজ শুরু হয়েছে। তবে প্রকল্পের সুবিধাভোগী নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। পাশাপাশি প্রকল্প এলাকায় কেবল নদীর পাড় বেঁধে ও খননযন্ত্রের আঁচড় দিয়ে দায় সারা হচ্ছে। খননের পরিবর্তে উল্টো নদীর কোথাও তলদেশ ভরাট করা হয়েছে।

‘জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের আওতায় এ খননকাজ বাস্তবায়ন করছে মৎস্য অধিদপ্তর। জানতে চাইলে প্রকল্প পরিচালক মো. রমজান আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি সরেজমিনে খননকাজ দেখেছি। খনন নিয়ে আমাকে কেউ অভিযোগ করেনি। কোনো অনিয়ম হলে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ছয়জন প্রকল্প সভাপতির মাধ্যমে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি থেকে ধুতুরহাট সেতু পর্যন্ত নবগঙ্গা নদীর প্রায় দুই কিলোমিটার খননের কাজ চলছে। পাঁচজন প্রকল্প সভাপতি ২৮ লাখ করে এবং একজন ২ লাখ টাকার বিপরীতে খননকাজ শুরু করেছেন। প্রতি ঘনমিটার খননে ব্যয় ধরা হয়েছে ১২৪ টাকা ৪৭ পয়সা। গত ১২ ফেব্রুয়ারি খননকাজ শুরু হয়ে ৩১ মার্চ প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নদীর সীমানা নির্ধারণ, জায়গা দখলমুক্তকরণ ও পানিনিষ্কাশনে অনেক সময় পার হয়ে যাওয়ায় ৩০ এপ্রিল পর্যন্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়।

নিয়মানুযায়ী প্রকল্প সভাপতি ও সদস্য হওয়ার কথা ছিল ভূমিহীন ব্যক্তিদের। প্রকল্প সভাপতি হিসেবে আছেন হুমায়ুন কবীর, আবদুল আউয়াল, আবুল কাশেম, আব্দুর রউফ, কামাল উদ্দিন ও আবদুল্লাহ বিশ্বাস। এ ছয়জনকে চুক্তিবদ্ধ ভূমিহীন সমিতির দলনেতা হিসেবে দেখানো হয়েছে। কিন্তু আদতে তাঁরা কেউই ভূমিহীন নন। সবাই এলাকায় রাজনৈতিক কারণে প্রভাবশালী। আর ছয়জন প্রকল্প সভাপতি থাকলেও প্রকল্পের কাজ তদারক করছেন পদ্মবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের ভগ্নিপতি আমজাদ হোসেন।

প্রকল্প সভাপতিদের মধ্যে দুজন চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের ভাই ও চাচাতো ভাই। তাঁরা হলেন সুবদিয়া গ্রামের আবদুল আওয়াল ও আবদুল্লাহ বিশ্বাস। অন্য তিনজন শাহাপুর গ্রামের হুমায়ুন কবীর, ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য ধুতুরহাট গ্রামের কামাল উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডের সদস্য বুড়োপাড়ার আব্দুর রউফ ও চ‌িলপুরের আবুল কাশেম চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আবুল কাশেমের গ্রামে ও পাশের সরজগঞ্জ বাজারে দুটি দোতলা বাড়ি ও গাড়ির মালিক। অন্য চারজনেরও পাকা বাড়ি, চাষাবাদ ও ব্যবসা আছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস। তিনি বলেন, চরম প্রতিকূল পরিবেশে দখলদারদের উচ্ছেদ করে নদী খনন করা হচ্ছে। নদী খননের কারণে যাদের ব্যক্তিগত স্বার্থে আঘাত লেগেছে তারাই অভিযোগ করছে। পাশাপাশি ইউপি নির্বাচনে তাঁর কাছে পরাজিত প্রার্থী সেলিম মল্লিক নিজের অনুসারীদের সঙ্গে নিয়ে এমন অপপ্রচার চালাচ্ছেন।

এদিকে পাঁচটি প্রকল্পের প্রতিটিতে আটজন পুরুষ ও তিনজন নারী সদস্য এবং একটিতে সাতজন পুরুষ ও দুজন নারীকে সুবিধাভোগী হিসেবে দেখানো হয়েছে। এই ৪৭ জন পুরুষ ও ১৭ জন নারীর ১ জনও ভূমিহীন নন।

প্রকল্প সভাপতিদের কাছে সুবিধাভোগীদের বিষয়ে তথ্য চাইলেও কেউ নামধাম জানাতে পারেননি। সভাপতি আবুল কাশেম বলেন, সময় দিলে তিনি উপকারভোগীদের নাম জানাতে পারবেন। কিন্তু পরে আর দিতে পারেননি। আরেক সভাপতি ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা নবগঙ্গা দখলমুক্ত ও খনন করছেন, যা অনেকেই সহ্য করতে পারছে না। এ কারণেই এত বদনাম।

লোকদেখানো কাজ

১৮ এপ্রিল সরেজমিনে তিনটি এলাকায় গিয়ে দেখা যায়, খননযন্ত্র দিয়ে নদীর দুই পাশ থেকে মাটি কেটে পাড় তৈরি করা হচ্ছে। আবার কোথাও নদীর তলদেশে মাটি ছিটিয়ে বা খননযন্ত্রের আঁচড় দিয়ে রাখা হয়েছে, যাতে দূর থেকে মনে হয় খনন করা হয়েছে। বুড়োপাড়া এলাকায় নদীর বুকে ঘাস রয়েছে। সেখানে গরু চরছে এবং ঝিনুক-শামুক পড়ে আছে। আবার বালিয়াকান্দি এলাকায় আগে থেকেই নদীর গভীরতা বেশি থাকায় পাশ থেকে মাটি এনে তলদেশ ভরাট করে সমান করা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পের শর্তানুযায়ী নদীটির মোট ১ লাখ ২০ হাজার ৫০৯ দশমিক ৩৮ ঘনমিটার খনন করার কথা। নদীর পূর্বের প্রশস্ততা ও গভীরতার ওপর ভিত্তি করে তলদেশে দুই থেকে পাঁচ ফুট পর্যন্ত খনন করার কথা। কিন্তু বাস্তবে তার কোনোটাই করা হচ্ছে না।

এলাকাবাসী বলছেন, তাঁরা জেলা মৎস্য কর্মকর্তাসহ প্রশাসনিক কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান তালুকদার স্বীকার করেন, তিনি প্রকল্পের সুবিধাভোগীদের সবাইকে চেনেন না। চেয়ারম্যানের সহযোগিতায় তালিকা তৈরি করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, সুবিধাভোগী নির্বাচনে কোনো অনিয়ম হলে পরিবর্তন করার সুযোগ আছে। তবে অভিযোগ পাওয়ার পর তিনি সরেজমিনে তদন্ত করেছেন উল্লেখ করে মাহবুবুর বলেন, খননকাজ প্রায় ৯৫ ভাগ সম্পন্ন হয়েছে। যতটুকু কাজ হয়েছে, তা সন্তোষজনক।