বগুড়া জেলা সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণজাগরণ মঞ্চের সংগঠক জিয়াউদ্দিন জাকারিয়া হত্যার দেড় বছরেও মামলার তদন্তে তেমন কোনো অগ্রগতি হয়নি।
২০১৩ সালের ৯ ডিসেম্বর বগুড়া শহরের চকযাদু লেনের ১ নম্বর রেলগেট এলাকায় জিয়াউদ্দিন জাকারিয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি বগুড়ার শেরপুর ডিগ্রি কলেজের গণিত বিভাগে শিক্ষকতাও করতেন।
মামলা সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর জিয়াউদ্দিন জাকারিয়ার ছোট ভাই সামছুউদ্দীন সোলায়মান ১২ ডিসেম্বর বগুড়া সদর থানায় মামলা করেন। তবে মামলায় কাউকে আসামি করা হয়নি। তখন মামলার তদন্ত শুরু করেন সদর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) নূর-এ-আলম সিদ্দিকী। তিনি বর্তমানে পাবনার আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত আছেন।
নূর-এ-আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের পর বগুড়ার মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরাম ও গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এ ঘটনায় জামায়াত-শিবিরের হাত রয়েছে। পুলিশও একই রকমের ধারণা করেছিল। এ কারণে ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও জামায়াত নেতা এরশাদুল বারীসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু আদালতে অভিযোগপত্র দিতে গেলে জামায়াত-শিবিরের জড়িত থাকার ব্যাপারে যথেষ্ট তথ্য-প্রমাণ প্রয়োজন। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলাটির তদন্তভার ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ন্যস্ত করা হয়।
সামছুউদ্দীন সোলায়মান বলেন, প্রথম থেকেই পুলিশ গা ছাড়া ভাব নিয়ে মামলার তদন্ত করছে। এক বছরের বেশি সময় তদন্তের নামে সময়ক্ষেপণ করলেও কার্যত জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার বা হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করার ব্যাপার পুলিশের কোনো তৎপরতা চোখে পড়েনি। ডিবি পুলিশের কাছে তদন্তভার ন্যস্ত করলেও ফলাফল শূন্য। তিনি আরও বলেন, ‘এই দেড় বছরে তদন্তকারী কর্মকর্তারা আমার সঙ্গে বা পরিবারের অন্য কারোর সঙ্গে কোনো যোগাযোগ করেননি।’
জিয়াউদ্দিন জাকারিয়ার স্ত্রী নারীনেত্রী ফেরদৌসী বেগম বলেন, ‘কারও সঙ্গে জাকারিয়ার বিরোধ ছিল না। আমরা অনেকটা নিশ্চিত যে গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশের সদিচ্ছা থাকলে অনেক আগেই এই হত্যার রহস্য উদ্ঘাটন হতো।’
বগুড়ার ডিবির পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, মামলাটি তদন্ত করছেন ডিবির উপপরিদর্শক শাহিন চৌধুরী। শাহিন চৌধুরী বলেন, ‘সাড়ে চার মাস আগে মামলাটির তদন্তভার আমাকে দেওয়া হয়েছে। এরপর কোনো আসামি গ্রেপ্তার হয়নি।’ তিনি বলেন, এ হত্যাকাণ্ডের তদন্তের অনেকখানিই অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত তদন্ত কার্যক্রম চলছে গণজাগরণ মঞ্চ ও জামায়াত-শিবিরকে সামনে রেখে।