দেড় বছরের শিশু রেখে মায়ের আত্মহনন
রাজবাড়ীর পাংশায় গতকাল মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৩৪) নিহত হয়েছেন। ঘটনার সময় নিহত ওই নারীর সঙ্গে দেড় বছর বয়সী একটি মেয়েশিশু ছিল।
দুজন প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ জানায়, অজ্ঞাত ওই নারী শিশুটিকে কোলে নিয়ে পাংশা রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে নকশিকাঁথা মেইল ট্রেন স্টেশনে আসে। ট্রেনটি রেলগেট পার হওয়ার সময় শিশুটিকে বসিয়ে রেখে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। খবর পেয়ে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ওই নারী শিশুটির মা।
রেলস্টেশনের কর্মচারীরা বলেন, নিহত ওই নারী হলুদ রঙের শাড়ি পরে ছিলেন। তাঁকে কয়েক দিন ধরে স্টেশনের আশপাশের এলাকায় দেখা যাচ্ছিল।
রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মঈন উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা শিশুটিকে দুপুর ১২টার দিকে সমাজসেবা কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী জেলা সমাজসেবা কর্মকর্তা দীপক কুমার প্রামাণিক বলেন, গতকাল বিকেলে শিশুটিকে ঢাকার আজিমপুরে ‘ছোটমণি নিবাস’-এ পাঠানো হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে।