রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ নেতা শরিফুজ্জামান পলাশ হত্যাকাণ্ডের দেড় মাস পরও কেউ গ্রেপ্তার হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার। মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার উজানচর ইউনিয়ন যুবলীগের কাউন্সিল নিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামানকে ২১ মে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। পরদিন নিহত ব্যক্তির মা ছখিনা বেগম স্থানীয় যুবলীগ নেতা ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি জিন্দার আলীকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডের কিছুদিন আগে জিন্দারকে গোয়ালন্দ বাজার যুবলীগের অস্থায়ী কার্যালয়ে দিনের বেলায় কোপায় সন্ত্রাসীরা। ওই মামলার প্রধান আসামি ছিলেন শরিফুজ্জামান। এ ছাড়া ইউনিয়ন যুবলীগ কাউন্সিলে জিন্দার সভাপতি ও শরিফুজ্জামান সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। এসব বিষয় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে।
গত ২৩ মে গোয়ালন্দঘাট থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে রাজবাড়ী পুলিশ সুপার জিহাদুল কবিরের উপস্থিতিতে শরিফুজ্জামান হত্যার পর মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান মিয়াসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। জবাবে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম
নাসির উল্যাহ সাত দিনের মধ্যে মামলার আসামিদের গ্রেপ্তারের কথা জানান। এর দুই দিনের মাথায় ২৫ মে মামলাটি অধিকতর তদন্তের স্বার্থে সিআইডিতে স্থানান্তর করা হয়।
ছখিনা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি কি একমাত্র ছেলের খুনিদের গ্রেপ্তার দেখে যেতে পারব না। দেশে কত হত্যার বিচার
হচ্ছে, কত দূর থেকে আসামি ধরা হচ্ছে। তাহলে এসব আসামি ধরা পড়ছে না কেন?’
গোয়ালন্দঘাট থানার ওসি এ কে এম নাসির উল্যাহ বলেন, হত্যার সঙ্গে জড়িত সন্দেহে জিন্দার আলীর বোন জামাই ইউসুপ ফকিরকে (৪২) ২৫ মে গ্রেপ্তার করা হয়েছে।