দেড় মাসেও বিচ্ছিন্ন মাথা মেলেনি
পোশাক কারখানার শ্রমিক কুলসুম হত্যার প্রায় দেড় মাস পরও তাঁর দেহ থেকে বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে, হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে, বিচ্ছিন্ন মাথার সন্ধান চলছে।
গত ২২ মার্চ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি রোডের পাশের একটি ফাঁকা জায়গায় ফেলে রাখা একটি বস্তায় এক নারীর মাথাবিহীন মৃতদেহ পাওয়া যায়। পরে আঙুলের ছাপ মিলিয়ে পুলিশ নিশ্চিত হয় মৃত নারীর নাম কুলসুম, মিরপুর ১২ নম্বরের একটি বস্তিতে তিনি থাকতেন। কাজ করতেন বস্তির পাশের একটি পোশাক কারখানায়।
কুলসুমের পরিবারের সদস্যরা বলেছেন, প্রায় ১০ বছর আগে সোহেল নামে একজনের সঙ্গে কুলসুমের বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। বিয়ের দুই-তিন বছর পর প্রতিবেশী এনামুল হকের সঙ্গে কুলসুমের বন্ধুত্ব হয়। তাঁর স্বামী বিষয়টি মানতে পারেননি। এ নিয়ে দ্বন্দ্ব থেকে সোহেল স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। সোহেল জুরাইনে শরবত বিক্রি করেন। কুলসুম ছেলেমেয়েকে নিয়ে মিরপুর ১২ নম্বরের বস্তিতেই থাকতেন। গত ২২ মার্চ সকালে কারখানায় যাওয়ার কথা বলে কুলসুম বাসা থেকে বের হন। এরপর আর ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। ৩০ মার্চ তাঁরা পুলিশের মাধ্যমে কুলসুমের মৃত্যুর বিষয়ে জানতে পারেন।
কুলসুম হত্যার ঘটনায় ২৩ মার্চ পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বিমানবন্দর থানায় মামলা করে। পরে কুলসুমের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শেখ জহিরুল ইসলাম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে যেখানে কুলসুমের বস্তাবন্দী লাশ ফেলা হয়েছে, সেখানে গিয়েছিলেন এনামুল। পরে সন্দেহভাজন হিসেবে এনামুলকে গ্রেপ্তার করা হয়। তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এখন তিনি কারাগারে আছেন।
শেখ জহিরুল বলেন, এনামুল হত্যাকাণ্ডে জড়িত বলে তদন্তে নিশ্চিত হওয়া গেছে। কিন্তু কুলসুমের মাথা কোথায় আছে, সে সম্পর্কে এনামুলের কাছে কোনো তথ্য পাওয়া যায়নি।