দেড় মাসেরও বেশি সময় ধরে মাদ্রাসাছাত্র নিখোঁজ
লালমনিরহাট শহরের নিউ কলোনি হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার ছাত্র শাহীনুর রহমান (১৬) ১ মাস ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। বিভিন্নভাবে চেষ্টা করেও কোনো খোঁজ না পেয়ে গতকাল সোমবার লালমনিরহাট সদর থানায় শাহীনুরের বড় ভাই মো. হাসু মিয়া একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, শাহীনুর গত ২৭ জুলাই সন্ধ্যার আগেই বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে রওনা দেয়। এর পাঁচ দিন পর গত ১ আগস্ট শাহীনুরের নানা হোসেন আলী নাতির খোঁজ নিতে মাদ্রাসায় গিয়ে জানতে পারেন, শাহীনুর ঈদের ছুটির পর আর মাদ্রাসায় আসেনি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করে কোথাও আর ছেলেটিকে পাননি। শাহীনুর লালমনিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছোট ছেলে। সে প্রায় দুই বছর ধরে ওই মাদ্রাসায় থেকে হাফেজি পড়াশোনা করত।
শাহীনুরের মা হাসিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মোর ছাওয়াটাক কোরআনের হাফেজ বানামু বলিয়া মাদ্রাসায় দিলাম। রোজার ঈদের পর মাদ্রাসায় যাওয়ার কথা কয়া ছাওয়াটা সেই যে বাড়ি থাকি গেল আর ফিরা আসল না।’
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, রোজার ঈদের ছুটির পর শাহীনুর আর মাদ্রাসায় ফিরে আসেনি। তিনি বলেন, ‘ঘটনাটি দুশ্চিন্তাজনক। আমি ছেলেটির পরিবারের সদস্যদের পুলিশে খবর দিতে বলেছি।’
লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার রায় বলেন, মাদ্রাসার ওই ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।