দেড় লাখ ইয়াবা বড়িসহ নৌকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদী থেকে আজ রাত সাড়ে আটটার দিকে এক লাখ ৩৬ হাজার ইয়াবা বড়িসহ একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে কর্নেল মো. আবুজার আল জাহিদ রাতে প্রথম আলোকে বলেন, আজ রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান টেকনাফে আনা হচ্ছে—এমন একটি তথ্য পায় বিজিবি। এই সূত্র ধরে তাঁর নেতৃত্বে দুটি স্পিড বোটযোগে নাফ নদীর নাইট্যংপাড়া এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। কিছুক্ষণ পরে সন্দেহভাজন একটি নৌকা আসছে দেখে থামার সংকেত দিলে নৌকায় থাকা লোকজন পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে জালের ভেতর থেকে ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগ থেকে এক লাখ ৩৬ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এই ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি আট লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।