দেড় শ মণ আম ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে গত বুধবার রাতে অভিযান চালিয়ে রাসায়নিক দিয়ে পাকানো প্রায় দেড় শ মণ আম জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হাসান বলেন, আমঝুপি গ্রামের জোয়ার্দারপাড়ার একটি আমবাগান থেকে এক ট্রাক অপরিপক্ব ও রাসায়নিক মেশানো আম চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক (ডিসি) পরিমল সিংহ জানতে পারেন। ডিসির নির্দেশে সন্ধ্যার দিকে তিনি ও নির্বাহী হাকিম জুবায়ের হোসেন চৌধুরী পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান। তাঁরা ট্রাকবোঝাই ওই আম জব্দ করেন। এ সময় আম ব্যবসায়ীরা পালিয়ে যান। জব্দ করা আমসহ ট্রাকটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নিয়ে আসা হয়। রাত সাড়ে ১০টার দিকে সেখানে ট্রাকের চাকায় পিষ্ট করে আমগুলো নষ্ট করে ফেলা হয়েছে।
ইউএনও আরও বলেন, আমগুলো বেশির ভাগই ছিল হিমসাগর। কয়েক দিন আগে জেলা ও পুলিশ প্রশাসন আম ব্যবসায়ীদের নিয়ে বৈঠকের পর ২৫ মের আগে মেহেরপুরের কোনো বাগান থেকে হিমসাগর আম না পাড়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।