দেয়াল টপকে আসামি পলায়ন, কারারক্ষী বরখাস্ত
চাঁদপুর জেলা কারাগার থেকে মোখলেছুর রহমান (৪০) নামের বিচারাধীন মামলার এক আসামি দেয়াল টপকে পালিয়ে গেছেন। এ ঘটনায় তিন কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। এরা হলেন প্রধান কারারক্ষী শরীফুল ইসলাম, সহকারী প্রধান কারারক্ষী হেদায়েত উল্লা ও কারারক্ষী নাজমুল আহসান।
রোববার রাতে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাসুদ হোসেন বলেন পলাতক আসামি মোখলেছুর রহমান জেলার মতলব উত্তর উপজেলার মো. আবদুর রহমানের ছেলে।
জেলা কারাগার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়বৃস্টির ফাঁকে কারাগার প্রধান ফটকের বিপরীত উত্তর পাশের দেয়াল টপকে আসামি মোখলেছুর রহমান পালিয়ে যান। আসামি গণনার সময় বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসে। বিষয়টি তাৎক্ষণিক তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরদিন শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি তদন্তের জন্য ঢাকা থেকে তিন কর্মকর্তা চাঁদপুরে আসেন। ওই দিনই ঘটনার সময় দায়িত্বে থাকা ৩ কারারক্ষীকে বরখাস্ত করে ওই কমিটি। দায়িত্ব অবহেলায় আরও লোকজন জড়িত আছেন কি না সে বিষয়ে তারা তদন্ত করেন।
চাঁদপুরের জেল সুপার নাঈমুদ্দিন প্রথম আলো বলেন, মোখলেসুর রহমান একটি হত্যা মামলার আসামি ছিলেন। ঘটনাটি আমাদের নজরে আসার পর ওই দিনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলামসহ তিনজনের তদন্ত কমিটি ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুই দিন চাঁদপুরে অবস্থান করে বিষয়টি তদন্ত করেন। তিনজনকে তাৎক্ষণিক বরখাস্ত করা হলেও তদন্তের আর কোনো বিষয় আমার জানা সম্ভব হয়নি।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাসুদ হোসেন বলেন, আসামি পলায়নের ঘটনায় তিন কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলকে জানানো হয়েছে বলেও তিনি জানান।