দোকানশ্রমিক-ট্রাকচালকদের সংঘর্ষ, আহত ১৫
সিলেট নগরের কালীঘাট এলাকায় দোকানশ্রমিকদের সঙ্গে ট্রাকচালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে অন্তত ৩৫টি ট্রাক ভাঙচুর করা হয়েছে। উভয় পক্ষের আহত হয়েছেন ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিকেলের দিকে কালীঘাট এলাকার রাস্তার মধ্যে মালবোঝাই একটি ট্রাক রাখা না-রাখা নিয়ে দোকানশ্রমিক এবং ট্রাকচালকদের মধ্যে বাগ্বিতণ্ডার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বিক্ষুব্ধ শ্রমিকেরা অন্তত ৩৫টি ট্রাক ভাঙচুর করেছেন। এ ছাড়া উভয় পক্ষের আহত হয়েছেন ১৫ জন। আহত ব্যক্তিদের মধ্যে কামাল আহমদ, জাকির হোসেন, শহিদ, কালাম মিয়া, আক্তার হোসেনের নাম জানা গেছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। এরপর সেখানে সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ কয়েকজন রাজনীতিবিদ গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে উভয় পক্ষ শান্ত হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ প্রথম আলোকে বলেন, তুচ্ছ একটি ঘটনা নিয়ে শ্রমিক-চালকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে বেশ কিছু ট্রাক ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং কোনো পক্ষ মামলাও করেনি।