রাজশাহীর বাগমারায় একটি দোকানঘর দখল করে দলীয় কার্যালয় বানিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। জাতীয় শোক দিবসে ভূরিভোজের আয়োজন করে ওই কার্যালয়ের উদ্বোধন করা হয়। এদিকে প্রশাসনের কর্মকর্তারা বলছেন, দোকানটি সরকারি জমিতে করা হয়েছে।
ওই দোকানঘরের মালিক রাড়োপাড়া গ্রামের শামসুল হক। তিনি বলেন, কয়েক বছর আগে তিনি বাজারে একটি দোকানঘর নির্মাণ করে তা এক ব্যক্তিকে ভাড়া দেন। এখানে এত দিন চায়ের দোকান ছিল। কিছুদিন আগে ভাড়াটে দোকানঘরটি ছেড়ে দেন। সপ্তাহ খানেক আগে আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতারা দোকানের তালা ভেঙে সেখানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে দেন। এরপর থেকে তাঁরা এটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছেন।
এ বিষয়ে থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও দোকানঘর দখলমুক্ত করার জন্য দলের নেতাদের নির্দেশ দেয়। তবে তাঁরা দখল ছাড়েননি।
গত বুধবার সন্ধ্যায় সেখানে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াছিন আলী, ভবানীগঞ্জ পৌরসভার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, তাহেরপুর পৌরসভার সাধারণ সম্পাদক মেয়র আবুল কালাম আজাদ, গোয়ালকান্দি ইউনিয়নের আলমগীর সরকার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিথিদের নিয়ে সেখানেই ভূরিভোজের আয়োজন করা হয়। ওই দোকানঘরকে আওয়ামী লীগের ভবানীগঞ্জ পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় হিসেবে ব্যবহার করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।
বাজারের চারজন দোকানদার ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিল্লুর রহমান বলেন, আগে এই জায়গায় চায়ের দোকান ছিল। এখন সেটি দখল করে দলীয় কার্যালয় বানানো হয়েছে।
দখলদার হিসেবে অভিযুক্ত ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইউব আলী বলেন, ‘দলের কিছু ছেলেপেলেদের কারণে সেখানে অফিস করা হয়েছে।’
ভবানীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আবদুল মালেক মণ্ডল বলেন, ‘এটা করা ঠিক হয়নি। বিষয়টি আমাকে জানানোও হয়নি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই এই কাজ করা হয়েছে। দলের নেতাদের সঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল গণি বলেন, দোকানঘর দখল করে দলের কার্যালয় করার অভিযোগের সত্যতা মিলেছে। কিন্তু জমিটি সরকারি।
দোকানমালিকের ছেলে গোলাম রসুল গত বৃহস্পতিবার বলেন, শিবজাইট বাজারের সব দোকান সরকারি জমিতে নির্মাণ করা। তাঁরা ইজারাদারকে সময়মতো খাজনা পরিশোধ করেছেন। এ ছাড়া তিনি দোকানের জমিটুকু ইজারা নেওয়ার জন্য আবেদন করেছেন।
ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মোস্তফা বলেন, তিনিও দোকানঘরে দলীয় সাইনবোর্ড টাঙানো দেখেছেন। তবে ওই বাজারের সব দোকানপাট সরকারি জমিতে করা হয়েছে।