নুডলস খেতে প্লাস্টিকের চামচ দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মী দোকানদারকে মারধর করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় প্রতিদিন সন্ধ্যা ছয়টার দিকে হলের ভেতরের হালিমের দোকান থেকে ছাত্রলীগের কর্মী ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী তাপস চন্দ্র সরকারের কক্ষে বিকেলের নাশতা পাঠানো হয়। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে হলের সিকবয় বি-ব্লকের ২৪৫ নম্বর কক্ষে তাপসের জন্য নাশতা হিসেবে নুডলস নিয়ে যায়। নাশতার থালায় প্লাস্টিকের চামচ দেখেই তাপস হালিমের দোকানে চলে আসেন। প্লাস্টিকের চামচ দেওয়ায় দোকানের ভেতরেই লোহার পাইপ দিয়ে হালিমকে মারধর করেন।
তাপস চন্দ্র সরকার বলেন, ‘একটা প্লাস্টিকের ময়লা চামচ দিয়েছে। আমি পরিবর্তন করে দিতে বলেছি। আধা ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও সে পরিবর্তন করে দেয়নি। তাই রাগের মাথায় একটু ইয়ে (মারধর) হয়েছে।’
হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশফিক সরকার বলেন, ‘এর সমঝোতা হয়ে গেছে। এ ঘটনার পরই তাপসকে দিয়ে হালিমের কাছে “সরি” বলিয়েছি।’