দোকানদারকে ছাত্রলীগ নেতার মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার চা-সিগারেটের এক দোকানদারকে মারধর করেছেন ছাত্রলীগের এক নেতা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলের সামনে নাহিদ নামের একজনের দোকানে চা খেতে যান বিশ্ববিদ্যালয়ের হল শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান, সহসভাপতি ইউনুস খান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সমাজসেবাবিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন এবং উপ-পাঠাগারবিষয়ক সম্পাদক দীন মোহাম্মদ শোয়েব।
এ সময় নাহিদের কাছে বেনসন সিগারেট চান ছিদ্দিকুর। তাঁর কাছে সিগারেট নেই বলে জানান নাহিদ। এ সময় ছিদ্দিক তাঁকে নিজের টাকায় অন্য দোকান থেকে সিগারেট কিনে আনতে বলেন। এতে অস্বীকৃতি জানান নাহিদ। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে নাহিদকে মারধর করেন ছিদ্দিকুর। ঘটনার পর অন্য দোকানদারেরা নাহিদকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।
দোকানদারেরা জানান, ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী নিয়মিত চা-সিগারেট খান, কিন্তু টাকা দেন না। টাকা চাইতে গেলেই মারধর করেন।
ছিদ্দিকুর রহমান বলেন, ‘ওর (নাহিদ) কাছে সিগারেট থাকার পরও দেয়নি। রেগে আমি ওকে থাপড় দিয়েছি। এ ঘটনায় আমি লজ্জিত।’
হলের প্রাধ্যক্ষ মু. নজিবুর রহমান বলেন, এ বিষয়ে তিনি কিছু শোনেননি। তবে খোঁজখবর নেবেন।