দোকানদারকে মারধর করায় পুলিশের পরিদর্শককে প্রত্যাহার
রাজবাড়ীতে এক চটপটি দোকানদারকে মারধর করায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জিল্লুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
শহরের সেগুনবাগান এলাকায় শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি চটপটির ব্যবসা করেন। ঈদের পরের দিন পুলিশ পরিদর্শক জিল্লুর রহমান ওই দোকানে চটপটি খেতে যান। কিন্তু দোকানে ভিড়ের কারণে তাঁর চটপটি দিতে দেরি হয়। সোমবার সন্ধ্যায় পুলিশের গাড়ি নিয়ে আবারও ওই দোকানে যান জিল্লুর রহমান। এ সময় চটপটি দেরিতে দেওয়ার কারণ জানতে চান। একপর্যায়ে পুলিশ কর্মকর্তার কাছে থাকা লাঠি দিয়ে আঘাত করেন দোকানদার শহিদুল ইসলামকে। ঘটনার কিছু অংশ ধারণ করা হয় মুঠোফোনে। এ ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন বিভিন্ন ব্যক্তি। উপযুক্ত বিচার না হলে মানববন্ধনসহ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করার নির্দেশ দেন পুলিশ সুপার সালমা বেগম।