দোকানপাট উচ্ছেদ করে আ.লীগের কার্যালয়, সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি খাসজমি থেকে দোকানপাট উচ্ছেদ করে ক্লাবঘর এবং আওয়ামী লীগের কার্যালয় স্থাপন নিয়ে রাজশাহীর বাগমারার দ্বীপপুর ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে গত বুধবার দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদের দুই ছেলে মোস্তাক আহমেদ ও বকুল হোসেনকে আটক করেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যানের ইন্ধনে উচ্ছেদ ও হামলার ঘটনা ঘটেছে।

এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, দ্বীপপুর ইউনিয়নের হুলিখালী বেইলি সেতুর পাশে পাঁচ শতক খাসজমিতে দোকানপাট নির্মাণ করেছিলেন স্থানীয় কয়েক ব্যক্তি। কিছুদিন থেকে সরকারদলীয় কিছু যুবক ওই দোকানপাট সরানোর জন্য চাপ দিচ্ছিলেন। তবে তা সরানো হয়নি। বুধবার দুপুরে স্থানীয় যুবলীগের কর্মী মোস্তাক আহমেদ, আবদুল মান্নান, লিটনসহ ১০-১২ জন যুবক দোকানপাটগুলো ভাঙচুর করে সেখানে হুলিখালী যুব ঐক্য সমাজকল্যাণ সংঘ এবং দ্বীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এ সময় উচ্ছেদ হওয়া ওই সব দোকানি এবং তাঁদের স্বজনেরা বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। এতে প্রায় ১৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে পুলিশ চলে যাওয়ার ঘণ্টা তিনেক পর বিকেল সাড়ে পাঁচটার দিকে ফের হামলা হয়। এ সময় যুবলীগের কর্মীরা স্থানীয় দোকানি মন্টু, বিকাশ, কার্তিকের বাড়িতে হামলা চালান।

এ ব্যাপারে জানতে চাইলে দ্বীপপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মকলেছুর বলেন, সরকারি জমিতে রাস্তা ঘেঁষে দোকানপাট নির্মাণ করায় মানুষের চলাচলের সমস্যা হচ্ছিল। স্থানীয় তরুণেরা ফাঁকা জায়গায় ক্লাবঘর নির্মাণের উদ্যোগ নিলে তাঁদের ওপর হামলা চালানো হয়।

এ ব্যাপারে জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।