দোকানির ব্লেডের আঘাতে হাসপাতালে পুলিশ

গাইবান্ধা শহরের পৌর পার্কে সৌরভ মিয়া (২৩) নামের এক পান দোকানির ব্লেডের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আটক করা হয়েছে সৌরভকে। তাঁর পরিবারের দাবি, বাকিতে পান-সিগারেট না দেওয়ায় ফাঁসিয়েছে পুলিশ। তবে পুলিশের দাবি, মাদকাসক্ত এবং ছিনতাইকারী সন্দেহে তাঁকে জিজ্ঞাসাবাদের সময় তিনি পুলিশকে আঘাত করেন।
আহত পুলিশ সদস্যরা হলেন সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ, সদর পুলিশ ফাঁড়ির শিক্ষানবিশ উপপরিদর্শক (এটিএসআই) আবদুস সাত্তার ও সানোয়ার হোসেন। তাঁদের হাত কেটে গেছে। এর মধ্যে আবু সাঈদের ডান হাত গুরুতর জখম হয়েছে। তাঁরা গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আটক সৌরভ মিয়া গাইবান্ধা শহরের ডেভিট কোংপাড়ার আবদুল্লাহ মিয়ার ছেলে। পৌর পার্ক এলাকায় তাঁর একটি পানের দোকান রয়েছে। ।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ছিনতাইকারী সন্দেহে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর পার্ক এলাকা থেকে সৌরভ মিয়াকে আটক করে পুলিশ। আটকের পর পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছিল। এ সময় হঠাৎ করে সৌরভ ব্লেড দিয়ে তিন পুলিশ সদস্যের হাতে আঘাত করে পালানোর চেষ্টা করেন। তাঁদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক সৌরভকে থানা-হাজতে রাখা হয়েছে।
সৌরভের পরিবারের সদস্যদের দাবি, ওই তিন পুলিশ কর্মকর্তা গতকাল সোমবার সন্ধ্যায় সৌরভের দোকানে বাকিতে পান-সিগারেট খান। এ নিয়ে সৌরভের সঙ্গে পুলিশ সদস্যদের কথা-কাটাকাটি হয়। এর জেরে পুলিশ পরিকল্পিতভাবে সৌরভকে দোকান থেকে আটক করে ফাঁসানোর চেষ্টা করছে।
পান-সিগারেট বাকি খাওয়ার বিষয়টি অস্বীকার করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহারিয়ার প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সৌরভ মাদকাসক্ত এবং তাঁর কাছে তিনটি সার্জিক্যাল ব্লেড ও ঘুমের ওষুধ পাওয়া গেছে। তিনি সব সময় একে-ওকে মারধর করতেন। আটক সৌরভের বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সৌরভের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।