দোকানে রেলের টিকিট, গ্রেপ্তার ২
সিলেট রেলস্টেশনের পাশে একটি ফাস্টফুডের দোকান। কাউন্টারে টিকিট না পেলে ফাস্টফুডের এই দোকানে মিলত রেলের টিকিট। অনেকটা বিকল্প টিকিট কাউন্টার হয়ে ওঠা ফাস্টফুডের দোকানটিতে গত সোমবার রাতে অভিযান চালায় রেলওয়ে পুলিশ। গ্রেপ্তার করে দুই কালোবাজারিকে। তাঁদের কাছ থেকে উদয়ন এক্সপ্রেসের তিনটি আগাম টিকিট উদ্ধার হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুই কালোবাজারি হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাজিরপুর গ্রামের মো. কবির মুন্সি (৪২) ও একই জেলার সদরপুর উপজেলার নিজাম ব্যাপারী (২৫)।
রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মিসবাহুল আলম চৌধুরী বাদী হয়ে রাতেই দুজনের বিরুদ্ধে অবৈধভাবে টিকিট রাখার অপরাধে মামলা করেন। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির ও নিজাম ফাস্টফুডের দোকানে বিভিন্ন কৌশলে আগাম টিকিট সংগ্রহ করে চড়া দামে বিক্রি করার বিষয়টি স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তাঁরা টিকিট কালোবাজারির সঙ্গে রেলওয়ের বুকিং কাউন্টারের দুই কর্মীসহ আরও পাঁচজনের নাম বলেছেন। তাঁরা (কবির ও নিজাম) সংগ্রহ করা টিকিট বিক্রি করেন এবং বাকিরা রেলের বুকিং কাউন্টার থেকে আগাম টিকিট সংগ্রহ করেন।
কবির ও নিজামের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের সত্যতা যাছাই করতে রেলওয়ে পুলিশের একজন উপপরিদর্শককে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। তিনি গতকালই তদন্তকাজ শুরু করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সিলেট রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবুল সিংহ জানান, ফাস্টফুডের ওই দোকানকে অনেকটা টিকিট কাউন্টারে রূপান্তর করে কালোবাজারি ব্যবসার প্রাথমিক কিছু প্রমাণ মিলেছে। বাকি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে তাঁদেরও গ্রেপ্তার করা হবে।