দোকানের দেয়াল কেটে ২৭৪ ভরি সোনার গয়না চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা শহরের বড় বাজার শহীদ হাসান চত্বরে অবস্থিত মডার্ন জুয়েলার্সে চুরি সংঘটিত হয়েছে। রোববার দিবাগত রাতে চোরেরা দেয়াল কেটে দোকানের ভেতরে ঢুকে অন্তত ২৭৪ ভরি সোনার গয়না ও ১ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের দেয়ালঘেঁষা ও সদর থানা থেকে ১০০ গজ দূরে অবস্থিত এই গয়নার দোকানে চুরির ঘটনায় বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা উদ্বেগ প্রকাশ করেছে।
দোকানমালিক মো. আরিফুজ্জামান বলেন, রোববার দিবাগত রাতে চোরেরা দোকানের দেয়াল কেটে ২৭৪ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। গতকাল সোমবার সকাল ১০টার দিকে দোকান খুলে তিনি বিষয়টি বুঝতে পারেন। সদর থানার ওসি লিয়াকত হোসেন জানান, চুরির ঘটনায় দোকানমালিক বাদী হয়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের আসামি করে মামলা করেছেন।