দোকানের সামনে দেয়াল তুললেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দোকানের সামনে দেয়াল তোলার অভিযোগ উঠেছে। ছবিটি খুলনা নগরের রয়েল মোড়ের কেডিএ অ্যাভিনিউয়ের দক্ষিণ পাশ থেকে গতকাল তোলা l প্রথম আলো
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দোকানের সামনে দেয়াল তোলার অভিযোগ উঠেছে। ছবিটি খুলনা নগরের রয়েল মোড়ের কেডিএ অ্যাভিনিউয়ের দক্ষিণ পাশ থেকে গতকাল তোলা l প্রথম আলো

খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডনের বিরুদ্ধে অন্যের হয়ে দোকানের সামনে দেয়াল তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। যাঁর দোকানের সামনে দেয়াল তুলে দেওয়া হয়েছে, তিনি হলেন সদর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সদস্যসচিব খন্দকার মিরাজুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
নগরের রয়েল মোড়ের কেডিএ অ্যাভিনিউয়ের দক্ষিণ পাশে দোকানটির অবস্থান। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মাহমুদ তাঁর দলবল নিয়ে মিরাজুলকে হুমকি-ধমকি দিয়ে তাঁর দোকানের সামনে দেয়াল তুলে দেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে পুলিশ দাঁড়িয়ে থেকে দেয়াল তুলতে সহায়তা করে।
বেলা সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দোকানের সামনে প্রায় তিন ফুট উঁচু দেয়াল তোলা। দেয়ালের গাঁথুনি ছিল কাঁচা। অনেকটা অবরুদ্ধ অবস্থায় দোকানের মধ্যে আছেন দোকানি মো. ইউনুস শেখ। তিনি দোকানটি ভাড়ায় চালান। ইউনুস বলেন, দেয়াল দেওয়ায় বের হওয়ার কোনো পথ নেই। দেয়াল টপকেই দোকান থেকে বের হতে হবে। মিরাজুলের অভিযোগ, দেয়াল তুলতে বাধা দেওয়ায় মাহমুদের লোকেরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। তাঁকে হুমকি-ধমকিও দেওয়া হয়েছে। পরে পুলিশের সহায়তায় দোকানের সামনে তিন ফুট দেয়াল তুলে দেন মাহমুদ। মিরাজুল বলেন, রাস্তার পাশের প্লটটি তাঁর স্ত্রী সুরাজ পারভীন পৈতৃক সূত্রে পেয়েছেন। পেছনের প্লটটি ছোট বোনের কাছ থেকে কিনেছেন তাঁর স্ত্রী। ওই প্লটের পেছনের প্লটটি পলাশ জুয়েলার্সের মালিক সমরেশ সাহার। কেনা প্লটের একাংশে রাস্তার ধারে একটি ছোট দোকানঘর তৈরি করে ভাড়া দেওয়া হচ্ছে। সমরেশের প্লটে ওই দোকানের সামনে দিয়েই যেতে হয়।
মিরাজুলের ভাষ্যমতে, সম্প্রতি সমরেশ ওই প্লটে একটি টিনের ঘর তৈরি করেন। সেখানে লোকজন থাকে। তাঁদের যাতায়াতের অসুবিধার কথা উল্লেখ করে ১২-১৫ দিন আগে তাঁদের (মিরাজুল) দোকানটি বন্ধ করে দেওয়ার অনুরোধ করেন সমরেশ। সমরেশের ঘর তৈরি হয়ে গেলে দোকানটি বন্ধ করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। এরই মধ্যে গত মঙ্গলবার দোকান বন্ধ করার জন্য চাপ দেন সমরেশ। তখনো তাঁকে জানানো হয়, ঘরে বসবাস শুরু করলে দোকান তুলে দেওয়া হবে। গতকাল দুপুর ১২টার দিকে মিরাজের স্ত্রী সুরাজ পারভীনের কাছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) থেকে একটি নোটিশ আসে। ওই নোটিশে কেডিএকে না জানিয়ে দোকান তৈরি করার কারণ ব্যাখ্যা করে ১৬ মার্চের মধ্যে তাঁদের জানাতে বলা হয়।
সুরাজ পারভীন বলেন, কেডিএর নোটিশ হাতে পাওয়ার কিছুক্ষণ পর মাহমুদ লোকজন নিয়ে এসে দোকানের সামনে দেয়াল তুলে দেন। সদর থানা-পুলিশ দেয়াল তুলে দিতে সহায়তা করে। ঘটনাস্থলে মাহমুদ উপস্থিত ছিলেন।
নোটিশের ব্যাপারে কেডিএর অথরাইজড কর্মকর্তা শামীম জিহাদ বলেন, ‘আমাদের কাছে আসা অভিযোগের ভিত্তিতে নোটিশটি করা হয়েছে। নোটিশে ১৬ মার্চের মধ্যে অনুমিত ছাড়াই ঘর তোলার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। তবে কাউকে জোর করে দেয়াল তুলতে অনুমতি দেওয়া হয়নি।’
এ বিষয়ে মাহমুদ বলেন, ‘জমিটি সমরেশের। কিন্তু তাঁর জমিতে দেয়াল তুলতে দিচ্ছিলেন না মিরাজ। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সালিসও হয়েছে। কিন্তু তাতে কোনো সমাধান হয়নি। যেহেতু এটা আমার এলাকার মধ্যের সমস্যা, তাই দেয়াল তোলার সময় যাতে কোনো সমস্যা তৈরি না হয় সে জন্য সেখানে গিয়েছিলাম।’ তিনি মিরাজের গায়ে হাত তোলার বিষয়টি অস্বীকার করেন। খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, প্রথমে সেখানে পুলিশ যায়নি। অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন সংবাদে পুলিশ সেখানে গেছে। যাঁর জায়গা তিনি নিজেই উপস্থিত থেকে দেয়াল তুলেছেন। এখানে পুলিশের কোনো ভূমিকা ছিল না। সমরেশ বলেন, তিনি রাস্তার পাশের কিছু জমি মিরাজের স্ত্রীর বোনের কাছ থেকে কিনেছেন। সেই জমিতেই তিনি দেয়াল তুলেছেন।