দোছড়ি সীমান্ত থেকে অপহৃত ব্যক্তির খোঁজ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের এক সপ্তাহ পরও বান্দরবানে নাইক্ষ্যংছড়ির দোছড়ি সীমান্ত এলাকার বাসিন্দা উহ্লামং মারমার খোঁজ মেলেনি। ৬ জুন তিন যুবক উপজেলার ওয়াকসাখালী রাস্তার মাথা থেকে তাঁকে তুলে নিয়ে যায়। তবে পুলিশ বলছে, সেদিন স্বেচ্ছায় ওই তিন যুবকের সঙ্গে যান তিনি।
দোছড়ি ইউনিয়নের তরগু মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) মংনু মারমা বলেন, ইউনিয়নের পানছড়ি এলাকার হেডম্যানপাড়ার বাসিন্দা উহ্লামং। ৬ জুন কুরুক্ষ্যংপাড়া থেকে ভাড়া করা মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ওয়াকসাখালী রাস্তার মাথা থেকে তিন ব্যক্তি তাঁকে তুলে নিয়ে যান। মোটরসাইকেল চালক তাঁদের বলেছেন, পাওনা টাকা আদায়ের জন্য পানছড়ি থেকে কুরুক্ষ্যংয়ে গিয়েছিলেন উহ্লামং।
মোটরসাইকেলচালক সাইফুল ইসলামের বরাত দিয়ে তাঁর বাবা আবুল হোসেন বলেন, কুরুক্ষ্যং থেকে ফেরার পথে তিন যুবক মোটরসাইকেলের গতি রোধ করেন। তাঁরা উহ্লামংকে ভাড়া মিটিয়ে দিতে বলেন। ওই তিনজন কোনো কিছু না বলে উহ্লামংকে সঙ্গে নিয়ে ওয়াকসাখালীর দিকে চলে যান।
দোছড়ি ইউপির চেয়ারম্যান হাবিবুল্লাহ বলেন, তাঁর ধারণা মিয়ানমারের কোনো বিদ্রোহী গোষ্ঠী উহ্লামং মারমাকে অপহরণ করেছে।
দোছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, দোছড়ি ইউনিয়ন মিয়ানমার সীমান্তসংলগ্ন এবং জঙ্গলে পরিপূর্ণ পাহাড়ি এলাকা হওয়ায় বিদেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর আনাগোনা থাকা অস্বাভাবিক নয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, উহ্লামং মারমার স্ত্রী থানায় জিডি করেছেন। তবে আমরা জানতে পেরেছে, উহ্লামং ওই তিনজনের সঙ্গে স্বেচ্ছায় যান। পুরো বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।