দোয়েল চত্বরে দিনে দুপুরে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোয়েল চত্বর এলাকায় গতকাল শনিবার ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ক্ষুদ্র গার্মেন্টস ব্যবসায়ী। পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে ব্যাগ তল্লাশি করার নামে ছয় দুর্বৃত্ত সাত লাখ টাকা নিয়ে গেছে বলে ওই ব্যবসায়ী অভিযোগ করেছেন।
ছিনতাইয়ের শিকার মো. আজম উদ্দিনের বাড়ি নোয়াখালীর মাইজদিবাজারে। উত্তর বাড্ডার তেঁতুলতলা এলাকায় সপরিবারে থাকেন। সেখানে হামজা স্পোর্টস নামে তাঁর একটি ছোট গার্মেন্টস ফ্যাক্টরি আছে।
আজম উদ্দিন প্রথম আলোকে বলেন, ফ্যাক্টরির জন্য জিনিসপত্র কিনতে একটি হাতব্যাগে সাত লাখ টাকা নিয়ে তিনি সকালে বাসা থেকে বের হন। এরপর জরি কিনতে চকবাজার মসজিদ মার্কেটে যান। কিন্তু জরি পছন্দ না হওয়ায় সেখান থেকে ফিরে আসেন। কাপড় কিনতে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য মনস্থির করে রিকশাযোগে গুলিস্তানের দিকে রওনা দেন। কিন্তু দোয়েল চত্বর এলাকায় এলে হঠাৎ পেছন থেকে দুজন লোক নিজেদের ডিবির সদস্য পরিচয় দিয়ে দৌড়ে এসে রিকশা থামাতে বলে। হাতব্যাগে অস্ত্র আছে দাবি করে তল্লাশি শুরু করে। ব্যাগ খোলে টাকা দেখার পরপরই একজন আজমের মাথায় রিভলবার ঠেকিয়ে কোনো শব্দ করতে না বলে সঙ্গে থাকা ব্যাগটি নিয়ে দৌড় দেয়। এ সময় পেছন থেকে কালো রঙের দুটো মোটরসাইকেলে করে আরও চারজন রিকশার সামনে আসে। দৌড়ে দুজন দুই বাইকে ওঠার সঙ্গে সঙ্গে বাইক দুটি দ্রুতবেগে শহীদ মিনার এলাকার দিকে চলে যায়।
আজম বলেন, এসব ব্যক্তির বয়স ৩৫-৩৬-এর মতো হবে। গায়ে হাফ স্লিপ সাদা চেকের শার্ট ও নেভি ব্লু জিনস পেন্ট ছিল।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, অপরাধীরা মাঝেমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে থাকে। কিন্তু ধরন দেখে মনে হচ্ছে, তারা ডিবির লোক নয়। কারণ ডিবির লোক কখনই ব্যাগ নিয়ে দৌড় দিতেন না।