দোষী শিক্ষক ফিরে আসায় ছাত্রীরা আন্দোলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রী নিপীড়নের ঘটনায় তদন্তে দোষী প্রমাণিত এক শিক্ষককে বদলি করা হয়েছিল। কিন্তু তিনি আবার ওই প্রতিষ্ঠানে ফিরে আগের মতো ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা শুরু করেছেন বলে অভিযোগ করেছেন ছাত্রীরা। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণের দাবিতে গতকাল রোববার ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন।
শিক্ষার্থী ও ইনস্টিটিউট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গার্মেন্টস প্যাটার্ন এবং মেকিং টেকনোলজি বিভাগের এক শিক্ষক ওই বিভাগের এক ছাত্রীকে যৌন নিপীড়নসহ ছাত্রীদের লক্ষ্য করে প্রায় সময় অশালীন মন্তব্য এবং মুঠোফোনে খুদে বার্তা পাঠাতেন। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে অধ্যক্ষের কাছে নালিশ করার পাশাপাশি গত বছরের ৪ সেপ্টেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় গত বছরের ১ নভেম্বর ওই শিক্ষককে সিলেটের ছাতকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্কুল ও কলেজে বদলি করা হয়। কিন্তু তাঁর পদের বিপরীতে সেখানে তাঁকে পদায়নের সুযোগ না থাকায় আবারও এই ইনস্টিটিউটে বদলি করা হয়। এ বছরের ১৩ সেপ্টেম্বর তিনি নতুন করে এখানে যোগ দেন।
গতকাল সাড়ে ১০টায় পলিটেকনিক ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষে তালা ঝুলছে। আর বাইরে বিক্ষোভ করছেন ছাত্রীরা। তাঁরা জানান, ওই শিক্ষক আবার ফিরে আসার পর থেকে ছাত্রীদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি এবং অশালীন মন্তব্য করতে শুরু করেছেন। এ নিয়ে ছাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহজাহান মিয়া ১০ দিনের মধ্যে ওই শিক্ষককে সরিয়ে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু এরপর এক মাস পেরিয়ে গেলেও তাঁকে সরানো হয়নি। এ অবস্থায় ছাত্রীরা গতকাল ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেছেন।
পরে ইনস্টিটিউট কর্তৃপক্ষ আগামী সাত কার্যদিবসের মধ্যে ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগ পুনরায় তদন্তসহ অন্যান্য সমস্যার সমাধানের আশ্বাস দেয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান। একই সঙ্গে গতকাল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ইলেকট্রনিক বিভাগের শিক্ষক মৃদুল কান্তি দেকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) মহিলা পলিটেকনিক শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শারমিন মুনমুন প্রথম আলোকে বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে আমরা কর্মসূচি তুলে নিয়েছি। কিন্তু দাবি পূরণ না হলে আবার আন্দোলনে যাব।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘সব অভিযোগ মিথ্যা। মুঠোফোন বার্তায় আমি কাউকে কিছু লিখিনি। আমার ফোন কেউ ব্যবহার করে এ ধরনের বিভ্রান্তি সৃষ্টি করেছে।’ তাহলে বদলি করা হয়েছিল কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেই সময়ে ছাত্রীদের মধ্যে আমাকে নিয়ে অসন্তোষ দেখা দেওয়ায় পরিস্থিতি বিবেচনা করে আমার সহযোগী শিক্ষকেরা আমাকে আপাতত কলেজ থেকে সরে থাকার পরামর্শ দিয়েছিলেন। ফিরে এসে কাউকে কোনো ধরনের হুমকি দেওয়া বা কারও সঙ্গে অশালীন আচরণের প্রশ্নই আসে না।’
ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. রিহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বদলি করা হয়েছিল। কিন্তু সেখানে তাঁকে পদায়নের সুযোগ না থাকায় আবারও ফিরিয়ে আনা হয়েছে। এখন ছাত্রীরা আবার অভিযোগ করায় আমরা তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির প্রতিবেদনের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’