দোহারে কেবল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া এলাকায় মো. রুবেল মোল্লা নামের এক কেব্ল ব্যবসায়ী খুন হয়েছেন। গত বুধবার রাতে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে খুন করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রুবেল মোল্লা (৩২) সুতারপাড়া গ্রামের চুন্নু মোল্লার ছেলে। কেব্ল ব্যবসা নিয়ে কয়েক দিন ধরে তাঁর সঙ্গে এলাকার একটি প্রভাবশালী চক্রের বিরোধ চলছিল। সেই ঘটনার জেরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন মুঠোফোনে রুবেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে বাড়ির সামনের রাস্তায় রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান তাঁরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বড় ভাই রহমান মোল্লা বলেন, ‘কেব্ল ব্যবসাকে কেন্দ্র করে আমার ভাইকে (রুবেল) বাদল চোকদার, সেলিম, আওলাদসহ অজ্ঞাতনামা চার-পাঁচজন পরিকল্পিতভাবে হত্যা করেছেন।’