দোহারে জঙ্গি সন্দেহে তিন শিক্ষার্থী তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহারে জঙ্গিবাদে সম্পৃক্ত সন্দেহে গতকাল মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে মাদ্রাসা শিক্ষার্থীসহ তিন ছাত্রকে আটকের অভিযোগ পাওয়া গেছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন মাঝিপাড়া গ্রামের সৌদি আরবপ্রবাসী আবু বকরের ছেলে মেসবাহ উদ্দিন (২২) ও তাঁর সহোদর মো. মাহফুজ (১৮) এবং তাঁদের বাড়িতে বেড়াতে আসা খালাতো ভাই মো. হাসিবুল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে আবু বকরের বাড়িতে সাদাপোশাকের ১৮-২০ জন অস্ত্রধারী আসে। তারা মেসবাহ, মো. মাহফুজ ও মো. হাসিবুলকে ধরে নিয়ে যায়। তাঁদের কক্ষ থেকে ইন্টারনেট সংযোগের বিভিন্ন যন্ত্রপাতি ও ধর্মীয় বই নিয়ে যান তাঁরা।
মেসবাহ উদ্দিন নবাবগঞ্জ উপজেলার সোনাহাজরা মাদ্রাসার ছাত্র ও তাঁর ভাই মো. মাহফুজ দোহার উপজেলার জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। খালাতো ভাই মো. হাসিবুল দোহারের পদ্মা ডিগ্রি কলেজের ছাত্র।