দোহারে জিহাদি বই ও চাপাতি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়ার মাঝিবাড়ি এলাকার একটি বাড়ি থেকে গতকাল সোমবার জিহাদি বই, চাপাতি ও দেশি অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ওই এলাকার আবু বকরের বাড়িতে দুপুরে অভিযান চালান র্যা ব-১০ ও পুলিশের সদস্যরা।
এর আগে গত মঙ্গলবার ওই বাড়িতে অভিযান চালিয়ে আবু বকরের দুই ছেলে মেসবাহ উদ্দিন (২২) ও মো. মাহফুজকে (১৮) গ্রেপ্তার করা হয়। মেসবাহ নবাবগঞ্জ উপজেলার সোনাহাজরা মাদ্রাসার ছাত্র, তাঁর ভাই মো. মাহফুজ দোহার উপজেলার জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়েন। গ্রেপ্তার আরেক তরুণ তাঁদের খালাতো ভাই মো. হাসিবুল (১৯) দোহার উপজেলার পদ্মা ডিগ্রি কলেজের ছাত্র।
গতকাল অভিযান পরিচালনা করেন র্যা ব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দিন ফারুকী ও দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সিরাজুল ইসলাম। ওই বাড়ি থেকে একটি ল্যাপটপ কম্পিউটার, চারটি মুঠোফোন, সাতটি জিহাদি বই, বেশ কিছু সরকারবিরোধী লিফলেট, পাঁচটি চাপাতি, দুটি ছোরাসহ দেশি অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেন তাঁরা।
এএসপি মহিউদ্দিন ফারুকী বলেন, বাড্ডা থানার একটি নাশকতা মামলার আসামিদের তথ্য অনুযায়ী কেরানীগঞ্জ ও দোহার থেকে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। রিমান্ডে নেওয়ার পর মেসবাহ ও মাহফুজের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল তাঁদের বাড়িতে অভিযান চালানো হয়। তাঁদের পরিকল্পনা ছিল সহযোগীদের কাছে দেশি অস্ত্র সরবরাহ করে নাশকতা ঘটানো।